ঢাকা শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩
Daily Bangladesh Diganta

‘ককটেল ২’ সিনেমায় সর্বোচ্চ পারিশ্রমিক শাহিদ কাপুরের

বিনোদন ডেস্ক

প্রকাশিত: মার্চ ১৫, ২০২৬, ১২:০৫ পিএম

‘ককটেল ২’ সিনেমায় সর্বোচ্চ পারিশ্রমিক শাহিদ কাপুরের

দীর্ঘ এক যুগ পর জনপ্রিয় সিনেমা ‘ককটেল’-এর সিক্যুয়েল ‘ককটেল ২’ নির্মাণের ঘোষণা এসেছে। সম্প্রতি সিনেমাটির প্রথম ঝলক প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে বাড়ছে আগ্রহ। ছবিটিতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করছেন শাহিদ কাপুর, রাশমিকা মান্দানা ও কৃতি শ্যানন।

তিন জনপ্রিয় তারকার একসঙ্গে উপস্থিতি যেমন আলোচনার জন্ম দিয়েছে, তেমনি আলোচনায় এসেছে তাদের পারিশ্রমিকের বিষয়টিও।

বলিউডে সাধারণত দেখা যায়, নায়কেরা নায়িকাদের তুলনায় বেশি পারিশ্রমিক পান। যদিও ব্যতিক্রমও রয়েছে। তবে ‘ককটেল ২’ সিনেমার ক্ষেত্রে পারিশ্রমিকের ব্যবধান বেশ স্পষ্ট।

সিনে বিশ্লেষকদের মতে, ‘কবীর সিং’ সিনেমার সাফল্যের পর থেকেই নিজের পারিশ্রমিক উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছেন শাহিদ কাপুর। অন্যদিকে জাতীয় পুরস্কার পাওয়ার পর কৃতি শ্যাননের পারিশ্রমিকও বেড়েছে। আর ‘পুষ্পা’ সিনেমার মাধ্যমে রাশমিকা মান্দানা ইতোমধ্যেই বক্স অফিসে শক্ত অবস্থান তৈরি করেছেন।

ইন্ডাস্ট্রি সূত্রে জানা গেছে, এই সিনেমার জন্য শাহিদ কাপুর প্রায় ৩৫ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন। অন্যদিকে কৃতি শ্যানন ও রাশমিকা মান্দানা প্রায় সমান পারিশ্রমিক পেয়েছেন। তাদের প্রত্যেকের পারিশ্রমিক প্রায় ১৫ কোটি রুপি বলে জানা গেছে।

উল্লেখ্য, ‘ককটেল’ সিনেমাটি ২০১২ সালে মুক্তি পেয়েছিল। এতে অভিনয় করেছিলেন সাইফ আলি খান, দীপিকা পাডুকোন ও ডায়না পেন্টি। রোমান্টিক কমেডি-ড্রামা ঘরানার এই সিনেমাটি সে সময় বক্স অফিসে প্রায় ৬৫০ মিলিয়ন রুপি আয় করেছিল।

এখন দর্শকদের অপেক্ষা, নতুন এই সিক্যুয়েল ‘ককটেল ২’ আগের সিনেমার মতো সাফল্য অর্জন করতে পারে কি না।

ডেইলি বাংলাদেশ দিগন্ত

banner
Link copied!