ঢাকা মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩
Daily Bangladesh Diganta

নিউইয়র্কে টেইলর–ট্রাভিসের বিয়ের আসর, ৩ জুলাই জমকালো আয়োজন

বিনোদন ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১১, ২০২৬, ০১:৪৩ পিএম

নিউইয়র্কে টেইলর–ট্রাভিসের বিয়ের আসর, ৩ জুলাই জমকালো আয়োজন

বিশ্বজুড়ে কোটি ভক্তের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন পপ সংগীত তারকা টেইলর সুইফট ও মার্কিন ফুটবল তারকা ট্রাভিস কেলসি। ইতোমধ্যে তাদের বিয়ের ‘সেভ দ্য ডেট’ আমন্ত্রণপত্র অতিথিদের কাছে পৌঁছে গেছে, যা নিয়ে ভক্তদের মাঝে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

মার্কিন বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম পেজ সিক্স-এর এক প্রতিবেদনে জানা গেছে, আগামী ৩ জুলাই অনুষ্ঠিত হবে এই তারকা জুটির বিয়ে। যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উদ্‌যাপনের ঠিক আগের দিন নির্ধারিত হয়েছে এই বিশেষ আয়োজনের তারিখ। বিয়ের ভেন্যু হিসেবে বেছে নেওয়া হয়েছে ব্যস্ততম শহর নিউইয়র্ক সিটিকে।

প্রথমদিকে ধারণা করা হয়েছিল, রোড আইল্যান্ডে অবস্থিত টেইলর সুইফটের বিলাসবহুল সমুদ্রতীরবর্তী প্রাসাদে আয়োজনটি অনুষ্ঠিত হবে। তবে বৃহৎ পরিসর, জৌলুস এবং অতিথি আপ্যায়নের সুবিধা বিবেচনায় শেষ পর্যন্ত নিউইয়র্কের ম্যানহাটনকে বেছে নেওয়া হয়।

নিউইয়র্ক শহরের সঙ্গে টেইলর সুইফটের সম্পর্ক দীর্ঘদিনের। ২০১৪ সাল থেকে শহরটির সঙ্গে তার বিশেষ এক আবেগী বন্ধন গড়ে ওঠে। তার জনপ্রিয় গান ‘ওয়েলকাম টু নিউইয়র্ক’-এও ফুটে উঠেছে এই শহরের প্রতি তার ভালোবাসা। এছাড়া শহরটিতে তার নিজস্ব বিলাসবহুল আবাসনও রয়েছে।

অন্যদিকে, ট্রাভিস কেলসিও নিউইয়র্কের প্রাণবন্ত পরিবেশ ও সংস্কৃতির প্রশংসা একাধিকবার করেছেন। ফলে জীবনের গুরুত্বপূর্ণ এই মুহূর্ত উদ্‌যাপনের জন্য এই শহরকেই উপযুক্ত মনে করেছেন তারা।

সংগীত ও ক্রীড়াজগতের দুই জনপ্রিয় তারকার এই মিলন ইতোমধ্যে বিশ্বব্যাপী আলোচিত এক ঘটনায় পরিণত হয়েছে। এখন ভক্তদের অপেক্ষা ৩ জুলাইয়ের সেই জাঁকজমকপূর্ণ আয়োজন ঘিরে।

ডেইলি বাংলাদেশ দিগন্ত

banner
Link copied!