ঢাকা বুধবার, ০৩ জুন, ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
Daily Bangladesh Diganta

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারের সমালোচনা জামায়াত আমিরের

দিগন্ত নিউজ ডেক্সঃ

প্রকাশিত: মে ২০, ২০২৬, ১২:০৪ এএম

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারের সমালোচনা জামায়াত আমিরের

দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কঠোর সমালোচনা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, বাস্তবে দেশের পরিস্থিতি খারাপ হলেও সরকার উন্নতির কথা বলে জনগণের সঙ্গে ধোঁকাবাজি করছে।

মঙ্গলবার (১৯ মে) রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন শরীয়তপুরের আহত চিকিৎসককে দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির বলেন, “দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন ভালো নয়। কিন্তু সরকার তা স্বীকার করতে চায় না। বরং পরিস্থিতি উন্নতির মিথ্যা বুলি আওড়ানো হচ্ছে। জনগণ বাস্তবতা বুঝতে পারছে।”

তিনি বলেন, হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ সেবাকেন্দ্রে যদি নিরাপত্তা নিশ্চিত না হয়, তাহলে চিকিৎসকরা সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারবেন না। এতে সাধারণ মানুষও কাঙ্ক্ষিত চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হবেন।

শরীয়তপুরে রোগীর স্বজনদের হামলায় আহত চিকিৎসক নাসির ইসলামের ঘটনা উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, “একজন চিকিৎসকের ওপর এভাবে হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং দোষীদের দ্রুত বিচারের দাবি করছি।”

তিনি আরও বলেন, রোগীর মৃত্যুর ঘটনায় চিকিৎসকের অবহেলার অভিযোগ থাকলে তা তদন্তের মাধ্যমে বিচার হওয়া উচিত। কিন্তু আইন নিজের হাতে তুলে নিয়ে হামলা চালানো সভ্য সমাজের জন্য অত্যন্ত উদ্বেগজনক।

জামায়াত আমির অভিযোগ করেন, অতীত সরকারের ভুল সিদ্ধান্ত ও অদূরদর্শী নীতির কারণে দেশের স্বাস্থ্য ও শিক্ষা খাত বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। তিনি বলেন, স্বাস্থ্যখাতে মানুষের আস্থা ও স্বস্তি ফিরিয়ে আনতে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।

সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, “মানুষ এখন নিরাপত্তাহীনতায় ভুগছে। হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান কিংবা সাধারণ নাগরিক—কেউই পুরোপুরি নিরাপদ বোধ করছে না। এভাবে একটি দেশ চলতে পারে না।”

ডা. শফিকুর রহমান আরও বলেন, প্রতিটি সরকার ক্ষমতায় এসে দাবি করে আগের চেয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো। তবে তিনি প্রশ্ন রেখে বলেন, “এই ‘আগে’টা আসলে কোন সময়—সেটিই জনগণ বুঝতে পারছে না।”

তিনি দেশে একটি ন্যায়ভিত্তিক ও সুষ্ঠু সমাজব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানিয়ে বলেন, জনগণ একটি ‘ফেয়ার সোসাইটি’ চায়, যেখানে আইনের শাসন, নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত থাকবে।

ডেইলি বাংলাদেশ দিগন্ত

banner
Link copied!