মোটরসাইকেল মালিক ও চালকদের ওপর নতুন করে কর আরোপ না করার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামী-র আমির ডা. শফিকুর রহমান।
রোববার (১৭ মে) বেলা সোয়া ১১টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
ডা. শফিকুর রহমান বলেন, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবর থেকে জানা যাচ্ছে, সরকার মোটরসাইকেল মালিকদের ওপর কর আরোপের চিন্তা করছে। তিনি মনে করেন, মোটরসাইকেল মালিক ও চালকদের অধিকাংশই বিত্তবান নন। জীবিকা নির্বাহ ও দৈনন্দিন প্রয়োজন মেটাতেই তারা এই যানবাহন ব্যবহার করেন।
তিনি আরও বলেন, রাষ্ট্রের রাজস্ব আয় বাড়ানোর জন্য কর ব্যবস্থার সম্প্রসারণ প্রয়োজন হতে পারে। তবে জীবনসংগ্রামে থাকা সাধারণ মানুষের ওপর অতিরিক্ত করের চাপ সৃষ্টি করা উচিত নয়।
জামায়াত আমির আশা প্রকাশ করে বলেন, সরকার যদি এ ধরনের কোনো সিদ্ধান্ত বিবেচনায় নিয়ে থাকে, তাহলে জনস্বার্থের বিষয়টি গুরুত্ব দিয়ে তা পুনর্বিবেচনা করবে। অন্যথায় এটি সাধারণ মানুষের স্বার্থবিরোধী সিদ্ধান্ত হিসেবে দেখা হতে পারে।

