ঢাকা বুধবার, ২২ জুলাই, ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
Daily Bangladesh Diganta

বন্যা মোকাবিলায় সরকার সমন্বিতভাবে কাজ করছে: প্রধানমন্ত্রীর কার্যালয়

দিগন্ত নিউজ ডেক্সঃ

প্রকাশিত: জুলাই ১১, ২০২৬, ০৮:২৮ পিএম

বন্যা মোকাবিলায় সরকার সমন্বিতভাবে কাজ করছে: প্রধানমন্ত্রীর কার্যালয়

দেশের বিভিন্ন অঞ্চলে চলমান বন্যা পরিস্থিতি মোকাবিলায় সরকারের সব ধরনের কার্যক্রম প্রধানমন্ত্রীর নির্দেশনায় পরিচালিত হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। তিনি বলেন, উদ্ধার, ত্রাণ বিতরণ এবং পুনর্বাসন—এই তিনটি ধাপকে অগ্রাধিকার দিয়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার কাজ করছে।

শনিবার (১১ জুলাই) বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বন্যা পরিস্থিতি এবং সরকারের নেওয়া পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।

মাহদী আমিন বলেন, কয়েকদিনের টানা ভারী বৃষ্টিতে দেশের বিভিন্ন স্থানে বন্যা, জলাবদ্ধতা ও পাহাড়ধসের ঘটনা ঘটেছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলা। এসব এলাকার পরিস্থিতি প্রধানমন্ত্রী সরাসরি পর্যবেক্ষণ করছেন এবং সংশ্লিষ্ট প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন।

তিনি জানান, ক্ষতিগ্রস্ত জেলার বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিভিল সার্জন, ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে দেশের অন্যান্য বিভাগের প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গেও সমন্বয় জোরদার করা হচ্ছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, উদ্ধার কার্যক্রমে স্থানীয় প্রশাসনের পাশাপাশি কোস্ট গার্ড, বিজিবি এবং প্রয়োজন অনুযায়ী সেনাবাহিনীকে সম্পৃক্ত করা হয়েছে। আশ্রয়কেন্দ্রগুলোতে খাদ্য, বিশুদ্ধ পানি ও স্যানিটেশন সুবিধা নিশ্চিত করার উদ্যোগ অব্যাহত রয়েছে। পাশাপাশি পানিবাহিত রোগ ও সাপের কামড় মোকাবিলায় মেডিকেল টিম, প্রয়োজনীয় ওষুধ ও ভ্যাকসিন প্রস্তুত রাখা হয়েছে।

মুখপাত্র আরও জানান, জরুরি ত্রাণ সহায়তার জন্য ইতোমধ্যে দুই কোটির বেশি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কাছে খাদ্যসহ প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়ার কার্যক্রম চলমান রয়েছে। কৃষি, মৎস্য, গবাদিপশু ও ক্ষতিগ্রস্ত বসতবাড়ির পুনর্বাসনেও প্রয়োজনীয় পরিকল্পনা নেওয়া হচ্ছে।

তিনি বলেন, বন্যার কারণে ক্ষতিগ্রস্ত এলাকায় শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রেখে সংশ্লিষ্ট জেলাগুলোতে এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। এছাড়া পানি নেমে গেলে দ্রুত সড়ক ও রেল যোগাযোগ স্বাভাবিক করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

মাহদী আমিনের ভাষ্য, দুর্যোগ মোকাবিলায় সরকারের লক্ষ্য হচ্ছে দ্রুত উদ্ধার কার্যক্রম সম্পন্ন করা, প্রয়োজনীয় ত্রাণ পৌঁছে দেওয়া এবং পরবর্তী সময়ে ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন নিশ্চিত করা। তিনি দুর্যোগ মোকাবিলায় সবাইকে সম্মিলিতভাবে সহযোগিতা করার আহ্বান জানান।

ডেইলি বাংলাদেশ দিগন্ত

banner
Link copied!