ঢাকা বুধবার, ২২ জুলাই, ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
Daily Bangladesh Diganta

টানা বৃষ্টিতে আরও ১০ জেলায় বন্যার আশঙ্কা, সতর্ক থাকার পরামর্শ

দিগন্ত নিউজ ডেক্সঃ

প্রকাশিত: জুলাই ১১, ২০২৬, ০৮:২৫ পিএম

টানা বৃষ্টিতে আরও ১০ জেলায় বন্যার আশঙ্কা, সতর্ক থাকার পরামর্শ

দেশের বিভিন্ন অঞ্চলে কয়েকদিন ধরে চলমান ভারী ও অতি ভারী বৃষ্টিপাতের কারণে কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতি অব্যাহত রয়েছে। একই সঙ্গে আগামী ২৪ ঘণ্টায় আরও ১০ জেলার নদী-সংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে বলে পূর্বাভাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

শনিবার (১১ জুলাই) সন্ধ্যায় প্রকাশিত পূর্বাভাসে বলা হয়েছে, উত্তর-পূর্বাঞ্চলের সুরমা, সারিগোয়াইন, যাদুকাটা, সোমেশ্বরী ও ভুগাই-কংস নদী এবং উত্তরাঞ্চলের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি বৃদ্ধি পাওয়ার কারণে কয়েকটি জেলার নিচু এলাকায় পানি প্রবেশের আশঙ্কা রয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোণা, শেরপুর, ময়মনসিংহ, নীলফামারী, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

অন্যদিকে, চট্টগ্রাম, বান্দরবান ও কক্সবাজার জেলার সাঙ্গু, মাতামুহুরীসহ কয়েকটি নদীর পানি আগামী ২৪ ঘণ্টায় ধীরে ধীরে কমতে পারে। একইভাবে মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার মনু, ধলাই ও খোয়াই নদীর পানিও হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে এসব জেলার বন্যা পরিস্থিতির ধীরে ধীরে উন্নতি হতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

বর্তমানে চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন এলাকা বন্যার পানিতে আক্রান্ত রয়েছে। পাশাপাশি ফেনী, খাগড়াছড়ি, নেত্রকোণা, শেরপুর, ময়মনসিংহ, নীলফামারী, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধাসহ কয়েকটি জেলা বন্যার ঝুঁকির মধ্যে রয়েছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতির ওপর নজরদারি অব্যাহত রেখেছে এবং প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের পাশাপাশি স্থানীয় প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

ডেইলি বাংলাদেশ দিগন্ত

banner
Link copied!