ঢাকা বুধবার, ২২ জুলাই, ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
Daily Bangladesh Diganta

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান, উপ-স্থায়ী প্রতিনিধি ওয়াহিদুজ্জামান

দিগন্ত নিউজ ডেক্সঃ

প্রকাশিত: জুলাই ৮, ২০২৬, ০৪:০২ পিএম

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান, উপ-স্থায়ী প্রতিনিধি ওয়াহিদুজ্জামান

জাতিসংঘে বাংলাদেশের পরবর্তী স্থায়ী প্রতিনিধি হিসেবে আন্তর্জাতিকভাবে পরিচিত মানবাধিকারকর্মী আইরিন খানকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে উপ-স্থায়ী প্রতিনিধি পদে নিয়োগ পাচ্ছেন বিএনপির তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক এ কে এম ওয়াহিদুজ্জামান (এপেলো)।

বুধবার (৮ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

বর্তমানে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন সালাহউদ্দিন নোমান চৌধুরী। নতুন নিয়োগ কার্যকর হলে তার স্থলাভিষিক্ত হবেন আইরিন খান।

আইরিন খান ২০২০ সালের আগস্ট থেকে জাতিসংঘের মতপ্রকাশের স্বাধীনতা বিষয়ক বিশেষ র‌্যাপোর্টিয়ার হিসেবে দায়িত্ব পালন করছেন। ১৯৯৩ সালে এ পদ চালুর পর তিনিই প্রথম নারী, যিনি এ দায়িত্বে নিয়োগ পান। বর্তমানে তিনি সুইজারল্যান্ডের জেনেভাভিত্তিক গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজে শিক্ষকতা করছেন।

আন্তর্জাতিক মানবাধিকার অঙ্গনেও আইরিন খানের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। তিনি ২০০১ থেকে ২০০৯ সাল পর্যন্ত আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেন। সংস্থাটির ইতিহাসে তিনিই প্রথম নারী মহাসচিব।

তার নেতৃত্বে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল রাজনৈতিক ও নাগরিক অধিকার রক্ষার পাশাপাশি অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অধিকার বিষয়েও কার্যক্রম সম্প্রসারণ করে। একই সময়ে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সংস্থাটির প্রথম বৈশ্বিক প্রচারণাও শুরু হয়।

অন্যদিকে, উপ-স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পেতে যাওয়া এ কে এম ওয়াহিদুজ্জামান (এপেলো) বর্তমানে বিএনপির তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

সরকারের এ সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

ডেইলি বাংলাদেশ দিগন্ত

banner
Link copied!