জুলাই আন্দোলনের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
মঙ্গলবার (৩০ জুন) দুপুরে ট্রাইব্যুনাল রায় ঘোষণা করেন। রায়ে তিনটি অভিযোগে হাসানুল হক ইনুকে দোষী সাব্যস্ত করে মোট ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে পৃথক দুটি অভিযোগে তাকে ১ লাখ টাকা করে মোট ২ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। তবে মামলার বাকি পাঁচটি অভিযোগ থেকে তাকে খালাস দেওয়া হয়েছে।
মামলার নথি অনুযায়ী, জুলাই আন্দোলনের সময় কুষ্টিয়ায় সংঘটিত ছয়জন নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ২০২৫ সালের মার্চ মাসে তদন্ত শুরু হয়। পরবর্তী সময়ে একই বছরের ২৫ সেপ্টেম্বর তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে জমা দেওয়া হয়।
তদন্ত শেষে ৩০ নভেম্বর ট্রাইব্যুনাল অভিযোগ (চার্জ) গঠন করলে মামলার আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হয়। বিচার চলাকালে শহীদ পরিবারের সদস্য, প্রত্যক্ষদর্শী এবং তদন্তকারী কর্মকর্তাসহ মোট ১০ জন সাক্ষ্য প্রদান করেন।
দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে গত ১৩ মে মামলার বিচারিক কার্যক্রম সমাপ্ত হয়। এরপর নির্ধারিত তারিখে রায় ঘোষণা করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
রায়ে ট্রাইব্যুনাল তিনটি অভিযোগে দোষী সাব্যস্ত করে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করলেও, পর্যাপ্ত প্রমাণের অভাবে পাঁচটি অভিযোগ থেকে হাসানুল হক ইনুকে খালাস দেন।

