ঢাকা বুধবার, ২২ জুলাই, ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
Daily Bangladesh Diganta

চট্টগ্রাম-৪ আসনে বিএনপি প্রার্থী আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল, ফলাফল প্রকাশে নিষেধাজ্ঞা বহাল

দিগন্ত নিউজ ডেক্সঃ

প্রকাশিত: জুন ৩০, ২০২৬, ০১:২৮ পিএম

চট্টগ্রাম-৪ আসনে বিএনপি প্রার্থী আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল, ফলাফল প্রকাশে নিষেধাজ্ঞা বহাল

চট্টগ্রাম-৪ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী বিএনপি প্রার্থী আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর ফলে তিনি সংসদ সদস্য হিসেবে শপথ নিতে পারবেন না এবং ওই আসনের নির্বাচনের ফলাফলও প্রকাশ করা যাবে না।

মঙ্গলবার (৩০ জুন) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ এ রায় দেন। এর আগে গত ১৫ জুন শুনানি শেষে আদালত রায় ঘোষণার জন্য ৩০ জুন দিন নির্ধারণ করেছিলেন।

আদালতে আসলাম চৌধুরীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার মিফতাহ উদ্দিন চৌধুরী। রাষ্ট্রের পক্ষে শুনানিতে অংশ নেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। আর ব্যাংক এশিয়া পিএলসির পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী কামাল উল আলম।

মামলার নথি অনুযায়ী, গত ৩ জানুয়ারি সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা আসলাম চৌধুরীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। পরে ঋণখেলাপির অভিযোগ তুলে নির্বাচন কমিশনে আপিল করেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী এবং সংশ্লিষ্ট ব্যাংক।

১৮ জানুয়ারি নির্বাচন কমিশন সেই আপিল খারিজ করে মনোনয়ন বহাল রাখে। এরপর কমিশনের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে পৃথক রিট আবেদন করা হলে আদালত তা খারিজ করে দেন। ফলে নির্বাচনে অংশগ্রহণের পথ উন্মুক্ত হয় তার।

পরবর্তীতে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল দায়ের করা হলে আপিল বিভাগ তা গ্রহণ করেন এবং নির্দেশ দেন, নির্বাচনে জয়ী হলেও আপিলের চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই আসনের ফলাফল প্রকাশ করা যাবে না।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আসলাম চৌধুরী বেসরকারিভাবে বিজয়ী হন। তবে আদালতের নির্দেশের কারণে ফলাফল আনুষ্ঠানিকভাবে গেজেট আকারে প্রকাশ করা হয়নি।

সর্বশেষ আপিল বিভাগের রায়ে তার প্রার্থিতা বাতিল হওয়ায় চট্টগ্রাম-৪ আসনের নির্বাচনী ফলাফল প্রকাশের পথও বন্ধ হয়ে যায় এবং তিনি সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের সুযোগ হারান।

ডেইলি বাংলাদেশ দিগন্ত

banner
Link copied!