ঢাকা বুধবার, ২২ জুলাই, ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
Daily Bangladesh Diganta

হাবিবসহ পাঁচ পুলিশ কর্মকর্তার মামলার রায় বিটিভিতে সরাসরি সম্প্রচার

দিগন্ত নিউজ ডেক্সঃ

প্রকাশিত: জুন ২৭, ২০২৬, ০৬:৩৯ পিএম

হাবিবসহ পাঁচ পুলিশ কর্মকর্তার মামলার রায় বিটিভিতে সরাসরি সম্প্রচার

জুলাই অভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় কার্নিশে ঝুলে থাকা এক তরুণকে গুলি করে হত্যা এবং আরও একজনের মৃত্যুর ঘটনায় দায়ের হওয়া মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে রায় আগামী রোববার (২৮ জুন) ঘোষণা করা হবে। রায় ঘোষণার পুরো কার্যক্রম বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) সরাসরি সম্প্রচার করা হবে।

শনিবার (২৭ জুন) বিষয়টি নিশ্চিত করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। তিনি জানান, পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ মামলার রায় ঘোষণা করবে। বিচারিক কার্যক্রমের অংশ হিসেবে তদন্ত কর্মকর্তাসহ মোট ১৩ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দিয়েছেন।

এর আগে গত ১৫ জুন মামলায় রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের দ্বিতীয় দফার যুক্তিতর্ক শেষ হয়। শুনানিতে রামপুরা পুলিশ ফাঁড়ির তৎকালীন এএসআই চঞ্চল চন্দ্র সরকারের পক্ষে তার আইনজীবী দাবি করেন, অভিযোগের ঘটনার সঙ্গে তার মক্কেলের কোনো সম্পৃক্ততা নেই। অপরদিকে, রাষ্ট্রপক্ষ পাঁচ আসামির সর্বোচ্চ শাস্তি দাবি করে। উভয় পক্ষের শুনানি শেষে ট্রাইব্যুনাল ২৮ জুন রায় ঘোষণার দিন নির্ধারণ করেন।

মামলাটিতে বর্তমানে কারাগারে থাকা একমাত্র আসামি তৎকালীন এএসআই চঞ্চল চন্দ্র সরকার। অপর চার আসামি পলাতক রয়েছেন। তারা হলেন—ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমান, খিলগাঁও জোনের সাবেক অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. রাশেদুল ইসলাম, রামপুরা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মশিউর রহমান এবং থানার সাবেক উপপরিদর্শক (এসআই) তারিকুল ইসলাম ভূঁইয়া।

উল্লেখ্য, মামলাটির রায় গত ৪ মার্চ ঘোষণার কথা থাকলেও নতুন ডিজিটাল আলামত উপস্থাপনের জন্য রাষ্ট্রপক্ষের আবেদন গ্রহণ করায় বিচারিক প্রক্রিয়া আরও এগিয়ে নেওয়া হয়। পরে পুনরায় সাক্ষ্যগ্রহণ শেষে মামলাটি রায়ের জন্য প্রস্তুত হয়।

গত বছরের ১৮ সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পাঁচ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। এর আগে ৭ আগস্ট রাষ্ট্রপক্ষ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করেছিল।

ডেইলি বাংলাদেশ দিগন্ত

banner
Link copied!