ঢাকা বুধবার, ২২ জুলাই, ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
Daily Bangladesh Diganta

পুলিশের গুলিতে আহত তরুণকে অন্তর্বর্তী ক্ষতিপূরণ দিতে হাইকোর্টের নির্দেশ

দিগন্ত নিউজ ডেক্সঃ

প্রকাশিত: জুন ১৭, ২০২৬, ০১:৪৩ পিএম

পুলিশের গুলিতে আহত তরুণকে অন্তর্বর্তী ক্ষতিপূরণ দিতে হাইকোর্টের নির্দেশ

মুন্সীগঞ্জে পুলিশের গুলিতে আহত হওয়া তরুণ শাহাদাত হোসেন শ্যামলকে অন্তর্বর্তীকালীন ক্ষতিপূরণ হিসেবে দুই লাখ টাকা দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে তাকে কেন পাঁচ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে না, তা জানতে চেয়ে সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেছেন আদালত।

বুধবার (১৭ জুন) বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি মো. জিয়াউল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতের নির্দেশ অনুযায়ী, ক্ষতিপূরণের দুই লাখ টাকা যৌথভাবে পরিশোধ করবে পুলিশের মহাপরিদর্শকের কার্যালয় (আইজিপি) এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আদালতের পর্যবেক্ষণে বলা হয়, এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তির অধিকার এবং রাষ্ট্রের দায়বদ্ধতার বিষয়টি বিচারিকভাবে বিবেচনার প্রয়োজন রয়েছে।

মামলার নথি অনুযায়ী, ২০১৯ সালে মুন্সীগঞ্জের কামারকান্দা এলাকায় পুলিশের একটি চেকপোস্টে শাহাদাত হোসেন শ্যামল গুলিবিদ্ধ হন। ভুক্তভোগীর দাবি, কোনো ধরনের পূর্ব সতর্কতা ছাড়াই পুলিশ তার পায়ে গুলি চালায়। পরে তাকে হাসপাতালে নেওয়া হলেও পরদিন পুলিশ সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে শ্যামলসহ ছয়জনের বিরুদ্ধে মামলা দায়ের করে।

পরবর্তীতে ওই মামলার অন্য পাঁচ আসামি আদালত থেকে জামিন পেলেও শ্যামল গুলিবিদ্ধ হওয়ার কারণে চিকিৎসাধীন ছিলেন।

আইনজীবীরা বলছেন, আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে আহত কোনো ব্যক্তির পক্ষে অন্তর্বর্তী ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ উচ্চ আদালত থেকে আসা একটি গুরুত্বপূর্ণ নজির হতে পারে। এখন রুলের চূড়ান্ত শুনানির পর ক্ষতিপূরণের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত আসবে।

ডেইলি বাংলাদেশ দিগন্ত

banner
Link copied!