মালয়েশিয়ায় অবৈধভাবে অবস্থান ও অভিবাসন আইন লঙ্ঘনের দায়ে আটক ৩০ বিদেশির বিচার শেষে ২৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্তদের মধ্যে রয়েছেন ৪ জন বাংলাদেশি ও ২২ জন ইন্দোনেশীয় নাগরিক।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) তেলুক ইনতান ম্যাজিস্ট্রেট আদালত-এর বিচারক নাইদাতুল আথিরাহ আজমান রায় ঘোষণা করেন। আদালত সূত্রে জানা যায়, যথাযথ কাগজপত্র ছাড়া দেশে প্রবেশ ও অবস্থানের অভিযোগে কয়েকজনকে ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/১৯৬৩-এর ৬(১)(সি) ধারায় দোষী সাব্যস্ত করা হয়। এ ধারায় দণ্ডিত প্রত্যেককে ৪ মাসের কারাদণ্ড ও একটি করে বেত্রাঘাতের নির্দেশ দেওয়া হয়েছে।
এ ছাড়া ১৮ জন ইন্দোনেশীয় নাগরিককে ইমিগ্রেশন আইনের ১৫(১)(সি) ধারায় ৫ মাসের কারাদণ্ড দেওয়া হয়। তবে আটক বাকি ৪ জন ইন্দোনেশীয় আদালতে নিজেদের নির্দোষ দাবি করায় তাদের মামলার শুনানি স্থগিত রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে ১৫(১)(বি) ধারায় অভিযোগ গঠন করা হয়েছে এবং আগামী ১ এপ্রিল পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে।
গত ১৩ ফেব্রুয়ারি বাগান দাতুকের সুঙ্গাই পায়ুং এলাকার একটি পাম তেলের বাগানে অভিযান চালিয়ে আইনশৃঙ্খলা বাহিনী ৩০ জন অভিবাসীকে আটক করে। আটক ব্যক্তিদের বয়স ১৮ থেকে ৫৫ বছরের মধ্যে। বিচারকালে রাষ্ট্রপক্ষের পক্ষে ডেপুটি পাবলিক প্রসিকিউটর নুর দারউইস আগনিয়া হালিম আজিজি উপস্থিত ছিলেন, তবে আসামিপক্ষের কোনো আইনজীবী আদালতে ছিলেন না।

