ঢাকা বুধবার, ০৩ জুন, ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
Daily Bangladesh Diganta

যুক্তরাষ্ট্রে নিহত দুই বাংলাদেশি শিক্ষার্থীকে স্মরণে প্যারিসে মানববন্ধন

দিগন্ত নিউজ ডেক্সঃ

প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২৬, ০৩:৫৩ পিএম

যুক্তরাষ্ট্রে নিহত দুই বাংলাদেশি শিক্ষার্থীকে স্মরণে প্যারিসে মানববন্ধন

যুক্তরাষ্ট্রে নিহত দুই বাংলাদেশি শিক্ষার্থীকে স্মরণ করে ফ্রান্সের রাজধানী প্যারিসে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থীরা। ‘বাংলাদেশি স্টুডেন্টস ফোরাম, ফ্রান্স’-এর উদ্যোগে বুধবার (২৯ এপ্রিল) ঐতিহাসিক রিপাবলিক চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের পিএইচডি শিক্ষার্থী জামিল লিমন ও নাহিদা বৃষ্টির মর্মান্তিক মৃত্যুকে কেন্দ্র করে এই আয়োজন করা হয়। এতে অংশ নিয়ে শিক্ষার্থীরা নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং ন্যায়বিচারের দাবি তোলেন।

মানববন্ধনে বক্তারা বলেন, শুধু যুক্তরাষ্ট্র নয়, বিশ্বের সব দেশে আন্তর্জাতিক শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।

প্যারিসের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি শিক্ষার্থীরা কর্মসূচিতে অংশ নেন। এছাড়া প্রবাসী বাংলাদেশি কমিউনিটির প্রতিনিধিরাও এতে উপস্থিত ছিলেন।

বক্তারা বিশ্বজুড়ে বাংলাদেশি শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ থাকার গুরুত্ব তুলে ধরে বলেন, এ ধরনের ঘটনায় সম্মিলিতভাবে প্রতিবাদ জানানো প্রয়োজন।

অনুষ্ঠানের শেষে নিহত শিক্ষার্থীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং তাদের আত্মার শান্তি কামনা করে প্রার্থনা করা হয়।

 

ডেইলি বাংলাদেশ দিগন্ত

banner
Link copied!