ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
Daily Bangladesh Diganta

মালয়েশিয়ায় অভিযানে বাংলাদেশিসহ আটক ১১৯৬

আন্তর্জাতি ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২৬, ০৫:২৭ পিএম

মালয়েশিয়ায় অভিযানে বাংলাদেশিসহ আটক ১১৯৬

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে বড় ধরনের অভিযান চালিয়ে বাংলাদেশিসহ ১ হাজার ১৯৬ জন বিদেশি নাগরিককে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। বুধবার (৯ সেপ্টেম্বর) চারটি শিল্পাঞ্চলের ৪০টি কারখানায় একযোগে এই অভিযান চালানো হয়।

ইমিগ্রেশন বিভাগের ৭১৫ জন কর্মকর্তা ছাড়াও রয়্যাল মালয়েশিয়ান পুলিশ, জাতীয় নিবন্ধন বিভাগ ও সিভিল ডিফেন্স ফোর্সের সদস্যরা অভিযানে অংশ নেন। দীর্ঘদিনের গোয়েন্দা নজরদারি ও স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে কারখানাগুলোতে অভিযান চালানো হয় বলে জানানো হয়েছে।

 

অভিযানের সময় মোট ২ হাজার ১৫৯ জন বিদেশি কর্মীর কাগজপত্র যাচাই করা হয়। এর মধ্যে বৈধ নথি না থাকা, ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়া কিংবা পাসের শর্ত লঙ্ঘনের অভিযোগে ১ হাজার ১৯৬ জনকে আটক করা হয়।

আটক ব্যক্তিদের বয়স ১৮ থেকে ৬৩ বছরের মধ্যে। তাদের মধ্যে ৯৪৬ জন পুরুষ এবং ২৫০ জন নারী।

 

আটক ব্যক্তিদের মধ্যে বাংলাদেশ, ইন্দোনেশিয়া, মিয়ানমার, পাকিস্তান, ভারত ও নেপালের নাগরিক রয়েছেন। তবে তাদের মধ্যে কতজন বাংলাদেশি, সে বিষয়ে এখনো কোনো নির্দিষ্ট সংখ্যা প্রকাশ করেনি মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ।

 

অবৈধ অভিবাসীদের কাজে নিয়োগ ও তাদের আশ্রয় দেওয়ার অভিযোগে ৩৭ জন মালয়েশীয় নাগরিক ও নিয়োগকর্তাকে আইনি নোটিশ দেওয়া হয়েছে। বিষয়টি তদন্তের অংশ হিসেবে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া নেওয়া হচ্ছে।

আটক বিদেশি নাগরিকদের পরবর্তী তদন্ত ও আইনি প্রক্রিয়ার জন্য ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে।

মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, দেশটিতে অবৈধভাবে অবস্থানকারীদের বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। এ পরিস্থিতিতে মালয়েশিয়ায় থাকা বাংলাদেশি প্রবাসীদের বৈধ কাগজপত্র সঙ্গে রাখা এবং ভিসা ও পাসের শর্ত মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

ডেইলি বাংলাদেশ দিগন্ত

banner
Link copied!