জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য ৩৬ জন প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত করেছে বিএনপি। দুই দিনব্যাপী সাক্ষাৎকার শেষে সোমবার (২০ এপ্রিল) দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য জানান।
তিনি বলেন, মনোনয়ন বোর্ড জাতীয় কমিটির সদস্যদের অংশগ্রহণে প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ করে এবং যাচাই-বাছাই শেষে ৩৬ জনকে মনোনীত করা হয়েছে।
মনোনয়নপ্রাপ্তদের মধ্যে রয়েছেন সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হিরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আর্লি, ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, শাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলুফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, জেবা আমিন খানসহ আরও অনেকে।
এর আগে শুক্রবার ও শনিবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হয়। এ প্রক্রিয়ায় মনোনয়ন বোর্ডের সভাপতিত্ব করেন দলটির চেয়ারম্যান তারেক রহমান।
দলীয় সূত্রে জানা গেছে, সংরক্ষিত নারী আসনের জন্য মোট এক হাজার ২৫টি মনোনয়ন ফরম বিক্রি করা হলেও প্রায় ৯০০ জন প্রার্থী আবেদন জমা দেন। ব্যাপক আগ্রহ ও প্রতিযোগিতার মধ্য দিয়ে শেষ পর্যন্ত চূড়ান্ত তালিকা ঘোষণা করা হয়েছে।

