ঢাকা বুধবার, ০৩ জুন, ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
Daily Bangladesh Diganta

রাজনৈতিক অঙ্গনে নতুন দল ‘বাংলাদেশ আজাদ পার্টি’র আত্মপ্রকাশ

দিগন্ত নিউজ ডেক্সঃ

প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২৬, ০৬:১৪ পিএম

রাজনৈতিক অঙ্গনে নতুন দল ‘বাংলাদেশ আজাদ পার্টি’র আত্মপ্রকাশ

দেশের রাজনৈতিক পরিমণ্ডলে নতুন সংযোজন হিসেবে আত্মপ্রকাশ করেছে বাংলাদেশ আজাদ পার্টি (বিএপি)। ‘জান দেবো, জুলাই দেবো না’ স্লোগানকে সামনে রেখে ইনসাফ, নৈতিকতা ও গণতন্ত্রভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্য ঘোষণা করেছে দলটি।

রোববার (১৯ এপ্রিল) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দলটির আত্মপ্রকাশ ঘটে। অনুষ্ঠানে দলের নীতি, আদর্শ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরা হয়।

দলটির ঘোষিত রূপরেখায় রাষ্ট্র কাঠামো, অর্থনীতি, বিচারব্যবস্থা, শিক্ষা, পররাষ্ট্রনীতি ও সামাজিক উন্নয়নসহ নানা গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে। পাশাপাশি ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা এবং বৈদেশিক প্রভাবমুক্ত একটি স্বনির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে ১৭ দফা কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

বাংলাদেশ আজাদ পার্টির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন অবসরপ্রাপ্ত কর্নেল হাসিনুর রহমান। দলটির মুখপাত্র হিসেবে রয়েছেন কবির হোসেন, এমদাদ বাবু ও আল আমিন। এছাড়া একটি নীতিনির্ধারণী উপদেষ্টা কমিটি এবং নির্বাহী কমিটি গঠন করা হয়েছে, যা পর্যায়ক্রমে প্রকাশ করা হবে বলে জানানো হয়।

অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অতিথি হিসেবে অংশ নেন এলডিপির সভাপতি কর্নেল (অব.) অলি আহমেদ, সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এ এস এম শাহরিয়ার কবির এবং জাতীয় নাগরিক পার্টির সহ-সভাপতি রাশেদ প্রধানসহ অন্যরা।

এ সময় বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন দলের ভূমিকা ও সম্ভাবনা নিয়ে মতামত তুলে ধরেন এবং একটি ন্যায়ভিত্তিক গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।

ডেইলি বাংলাদেশ দিগন্ত

banner
Link copied!