যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের লারেডো শহরে একটি ছোট বিমান মহাসড়কে জরুরি অবতরণের চেষ্টা করতে গিয়ে বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনার পর বিমানটিতে আগুন ধরে যায়। এতে অন্তত একজন নিহত হয়েছেন বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) স্থানীয় সময় রাত ১০টার দিকে লুপ-২০ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পরপরই নিরাপত্তার স্বার্থে মহাসড়কের উভয় দিকের যান চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেয় পুলিশ ও জরুরি সেবা সংস্থাগুলো।
পুলিশ জানায়, দুর্ঘটনায় বিমানে থাকা একজনের মৃত্যু হয়েছে। তবে মহাসড়কে চলাচলরত কোনো গাড়ির যাত্রী হতাহত হওয়ার খবর তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিধ্বস্ত হওয়ার পর বিমানটিতে আগুন ছড়িয়ে পড়ে। আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে গিয়ে ভেতরে আটকে পড়াদের উদ্ধারে সহায়তা করেন। কয়েকজন যাত্রী ও ক্রু সদস্য নিজ উদ্যোগেও বিমান থেকে বেরিয়ে আসতে সক্ষম হন।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, বিমানটি সড়কের নিরাপত্তা বেষ্টনীর সঙ্গে ধাক্কা খেয়ে কাত হয়ে পড়ে আছে এবং সেটিতে আগুন জ্বলছে। ঘটনাস্থলে দমকলকর্মীরা পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এক প্রত্যক্ষদর্শী জানান, দুর্ঘটনার পর একজনকে ককপিটের জানালা দিয়ে বের হওয়ার চেষ্টা করতে দেখা যায়। পরে বিমানের দরজা খুলে গেলে ভেতরে থাকা কয়েকজন দ্রুত বেরিয়ে আসেন। পরিস্থিতি অত্যন্ত আতঙ্কজনক ছিল এবং আগুনের কারণে বিস্ফোরণের আশঙ্কাও তৈরি হয়েছিল বলে তিনি উল্লেখ করেন।
দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট মার্কিন কর্তৃপক্ষ। কী কারণে বিমানটি মহাসড়কে বিধ্বস্ত হয়েছে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানানো হয়নি।
তদন্ত শেষ হওয়ার পর দুর্ঘটনার প্রকৃত কারণ এবং হতাহতদের বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

