ঢাকা বুধবার, ২২ জুলাই, ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
Daily Bangladesh Diganta

ব্যাংককের একটি বারে ভয়াবহ আগুন, নিহত ২৭, আহত অন্তত ৬৩

আন্তর্জাতি ডেস্ক

প্রকাশিত: জুলাই ১৩, ২০২৬, ১২:৫৮ পিএম

ব্যাংককের একটি বারে ভয়াবহ আগুন, নিহত ২৭, আহত অন্তত ৬৩

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি বিনোদনকেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৭ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও অন্তত ৬৩ জন আহত হয়েছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং কয়েকজন নিখোঁজ থাকার খবরও পাওয়া গেছে।

বিবিসির প্রতিবেদনে জানানো হয়, রোববার (১২ জুলাই) গভীর রাতে ব্যাংককের চাতুচাক এলাকায় অবস্থিত একটি বারে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পুরো ভবনে ছড়িয়ে পড়লে সেখানে অবস্থানরত মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে ৯ জন পুরুষ এবং ১৮ জন নারী রয়েছেন। উদ্ধারকাজ অব্যাহত থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা যায়, ভবনের সামনের অংশ দিয়ে বিশাল আগুনের শিখা বের হচ্ছে। আগুন থেকে বাঁচতে অনেক মানুষ দ্রুত বাইরে বের হওয়ার চেষ্টা করেন। এ সময় বেশ কয়েকজন দগ্ধ হন।

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল জানিয়েছেন, ঘটনাস্থল থেকে ২৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে এবং তাদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করা হচ্ছে।

তিনি আরও বলেন, অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক সুইচবোর্ডে আগুন লাগার পর তা দ্রুত পুরো ভবনে ছড়িয়ে পড়ে।

দুর্ঘটনার সঠিক কারণ নির্ণয় এবং নিরাপত্তা ব্যবস্থায় কোনো ধরনের গাফিলতি ছিল কি না, তা তদন্ত শেষে জানা যাবে বলে জানিয়েছে থাই কর্তৃপক্ষ।

ডেইলি বাংলাদেশ দিগন্ত

banner
Link copied!