ঢাকা বুধবার, ০৩ জুন, ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
Daily Bangladesh Diganta

মাদারীপুরে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

দিগন্ত নিউজ ডেক্সঃ

প্রকাশিত: মে ১৮, ২০২৬, ১১:৪৭ এএম

মাদারীপুরে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

মাদারীপুর শহরের একটি ভাড়া বাসা থেকে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহতরা হলেন চিত্ময় দাস, তার স্ত্রী ইশা দাস এবং তাদের আট মাস বয়সী সন্তান।

রোববার (১৭ মে) দিবাগত গভীর রাতে শহরের আমিরাবাদ এলাকা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। সোমবার (১৮ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেন মাদারীপুর সদর মডেল থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ।

পুলিশ জানায়, শহরের আমিরাবাদ এলাকার একটি ভাড়া বাসায় দীর্ঘদিন ধরে এক নারী বসবাস করছিলেন। রোববার বিকেলে আত্মীয় পরিচয়ে চিত্ময় দাস তার স্ত্রী ও সন্তানকে নিয়ে ওই বাসায় আসেন। পরে গভীর রাতে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা ভেঙে তিনজনের মরদেহ উদ্ধার করে।

পুলিশ আরও জানায়, ঘটনার সময় পাশের একটি কক্ষে ওই বাসার অপর এক বাসিন্দা অবস্থান করছিলেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, এটি হত্যাকাণ্ড নাকি আত্মহত্যা—তা নিশ্চিত হতে তদন্ত চলছে। ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।

ডেইলি বাংলাদেশ দিগন্ত

banner
Link copied!