ঢাকা বুধবার, ২২ জুলাই, ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
Daily Bangladesh Diganta

নদীতে ডুবে প্রাণ গেল ২১ বছর বয়সী ফুটবলারের, শোকে ফরাসি ফুটবল

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জুন ২৫, ২০২৬, ১০:০১ পিএম

নদীতে ডুবে প্রাণ গেল ২১ বছর বয়সী ফুটবলারের, শোকে ফরাসি ফুটবল

বিশ্বকাপের উন্মাদনার মধ্যেই ফরাসি ফুটবলে নেমে এসেছে শোকের ছায়া। নদীতে ডুবে মারা গেছেন ফ্রান্সের দ্বিতীয় বিভাগের ক্লাব গুঁইগাম্পের ২১ বছর বয়সী ফুটবলার কেনজো কিয়েস। গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে, ফ্রান্সজুড়ে চলমান তীব্র তাপপ্রবাহের মধ্যে গরম থেকে কিছুটা স্বস্তি পেতে তিন বন্ধুকে সঙ্গে নিয়ে রাইন নদীতে নামেন কেনজো কিয়েস। সে সময় নদীর প্রবল স্রোতে চারজনই বিপদের মুখে পড়েন।

জরুরি উদ্ধারকর্মীরা দ্রুত তিনজনকে নিরাপদে উদ্ধার করতে পারলেও কেনজোকে খুঁজে পেতে কিছুটা সময় লেগে যায়। পরে দমকল বাহিনীর সদস্যরা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। তবে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে তিনি মারা যান।

ফ্রান্সের প্রধানমন্ত্রী সেবাস্তিয়েন লেকরনু জানিয়েছেন, গত সপ্তাহে শুরু হওয়া তাপপ্রবাহের পর থেকে দেশজুড়ে পানিতে ডুবে অন্তত ৪০ জনের মৃত্যু হয়েছে।

ফুটবল ক্যারিয়ারের শুরুতে কেনজো কিয়েস ফ্রান্সের দুই ঐতিহ্যবাহী ক্লাব অলিম্পিক লিঁও ও এএস সেন্ট-এতিয়েনের যুব একাডেমিতে প্রশিক্ষণ নেন। পরে গত বছর তিনি গুঁইগাম্পে যোগ দিয়ে ক্লাবটির রিজার্ভ দলে খেলছিলেন।

তার অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে গুঁইগাম্প কর্তৃপক্ষ। এক বিবৃতিতে ক্লাবটি জানায়, তাদের প্রতিশ্রুতিশীল তরুণ ফুটবলারের মৃত্যুতে তারা গভীরভাবে শোকাহত এবং তার পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছে।

এদিকে এএস সেন্ট-এতিয়েনও এক শোকবার্তায় কেনজো কিয়েসকে স্মরণ করেছে। ক্লাবটির ভাষ্য, সাত বছর তাদের একাডেমিতে কাটানো এই মেধাবী ও বিনয়ী ফুটবলার সতীর্থ, কোচ এবং সংশ্লিষ্ট সবার কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন।

ডেইলি বাংলাদেশ দিগন্ত

banner
Link copied!