ঢাকা বুধবার, ২২ জুলাই, ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
Daily Bangladesh Diganta

বিশ্বকাপে একের পর এক ইতিহাস গড়লেন মেসি, ভাঙলেন ক্লোসার রেকর্ড

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জুন ২৩, ২০২৬, ১২:২২ পিএম

বিশ্বকাপে একের পর এক ইতিহাস গড়লেন মেসি, ভাঙলেন ক্লোসার রেকর্ড

বিশ্বকাপের মঞ্চে আরও একবার ইতিহাসের পাতায় নিজের নাম লিখিয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে গোল করে তিনি শুধু টুর্নামেন্টের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার রেকর্ডই গড়েননি, একাধিক অনন্য কীর্তিও নিজের ঝুলিতে যোগ করেছেন।

ডালাসে অনুষ্ঠিত ম্যাচের শুরুতেই গোল করার সুযোগ পেয়েছিলেন মেসি। চতুর্থ মিনিটে পাওয়া পেনাল্টি কাজে লাগাতে না পারলেও পরে গোল করে বিশ্বকাপে নিজের মোট গোলসংখ্যা ১৭-তে উন্নীত করেন। এর মাধ্যমে তিনি জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার ১৬ গোলের রেকর্ড পেছনে ফেলে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হয়ে ওঠেন।

শুধু গোলের রেকর্ড নয়, বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ জয়ের কীর্তিও এখন মেসির দখলে। তার জয়সংখ্যা দাঁড়িয়েছে ১৮, যা ক্লোসারের ১৭ জয়ের রেকর্ডকে ছাড়িয়ে গেছে।

অস্ট্রিয়ার বিপক্ষে প্রথম গোলটি করে আরও একটি অনন্য মাইলফলক স্পর্শ করেন আর্জেন্টাইন অধিনায়ক। বিশ্বকাপ ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে তিনি ১০টি ভিন্ন দেশের বিপক্ষে প্রথম গোল করার কৃতিত্ব অর্জন করেন।

এছাড়া বিশ্বকাপে সর্বাধিক পেনাল্টি নেওয়ার রেকর্ডও এখন মেসির দখলে। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেইন।

টানা ছয়টি বিশ্বকাপ ম্যাচে গোল করে নতুন একটি রেকর্ড গড়েছেন মেসি। এর আগে সমান সংখ্যক ম্যাচে ধারাবাহিকভাবে গোল করার কীর্তি ছিল ফ্রান্সের জাস্ট ফন্টেইন এবং ব্রাজিলের জেয়ারজিনহোর।

চলতি বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে এখন পর্যন্ত দলের পাঁচটি গোলই এসেছে মেসির পা থেকে। বিশ্বকাপ ইতিহাসে এর আগে এমন কীর্তি গড়েছিলেন রাশিয়ার ওলেগ সালেঙ্কো, যিনি ১৯৯৪ সালের বিশ্বকাপে দলের প্রথম পাঁচটি গোলই করেছিলেন।

তবে রেকর্ডময় এই ম্যাচে একটি অনাকাঙ্ক্ষিত পরিসংখ্যানও যোগ হয়েছে মেসির নামের পাশে। বিশ্বকাপে সর্বোচ্চ তিনটি পেনাল্টি মিস করা খেলোয়াড়ের তালিকায় এখন এককভাবে শীর্ষে রয়েছেন তিনি। এর আগে দুটি পেনাল্টি মিস করে ঘানার সাবেক স্ট্রাইকার আসামোয়া জিয়ানের সঙ্গে যৌথভাবে এই রেকর্ডের মালিক ছিলেন।

রেকর্ড, অর্জন ও নতুন ইতিহাসে ভরা এই ম্যাচে আবারও বিশ্ব ফুটবলে নিজের অনন্য অবস্থানের প্রমাণ রাখলেন লিওনেল মেসি।

ডেইলি বাংলাদেশ দিগন্ত

banner
Link copied!