ভারতের রাজস্থান রাজ্যে চলন্ত একটি যাত্রীবাহী ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রাজধানীগামী রাজধানী এক্সপ্রেসের একটি শীতাতপ নিয়ন্ত্রিত বগিতে আগুন লাগলেও রেলকর্মীদের দ্রুত তৎপরতায় বড় ধরনের হতাহতের ঘটনা এড়ানো গেছে।
রোববার (১৭ মে) ভোরে কোটার বিক্রমগড় আলোত স্টেশনের কাছে চলন্ত ট্রেনটির একটি বগিতে আগুন লাগে। আগুন লাগার সময় ওই বগিতে ৬৮ জন যাত্রী ছিলেন।
স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, ট্রেনের ভেতর ধোঁয়া ও আগুন দেখতে পেয়ে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে রেলকর্মীরা দ্রুত সব যাত্রীকে নিরাপদে ট্রেনের অন্য বগিতে সরিয়ে নেন।
আগুন যাতে পুরো ট্রেনে ছড়িয়ে না পড়ে, সে জন্য ক্ষতিগ্রস্ত বগিটি ট্রেনের বাকি অংশ থেকে আলাদা করা হয় এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়।
ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, জ্বলন্ত বগি থেকে ঘন কালো ধোঁয়া বের হচ্ছে। আগুনের তাপে রেললাইনের পাশের কিছু গাছপালাও পুড়ে যায়।
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার হওয়া যাত্রীদের নিরাপদে গন্তব্যে পৌঁছে দিতে বিকল্প ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি আগুন লাগার প্রকৃত কারণ জানতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

