ঢাকা বুধবার, ০৩ জুন, ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
Daily Bangladesh Diganta

নাইজেরিয়ায় ভয়াবহ বিমান হামলা, প্রাণ গেল অন্তত ১০০ জনের

আন্তর্জাতি ডেস্ক

প্রকাশিত: মে ১২, ২০২৬, ০৭:১৬ পিএম

নাইজেরিয়ায় ভয়াবহ বিমান হামলা, প্রাণ গেল অন্তত ১০০ জনের

নাইজেরিয়া-র উত্তর-পশ্চিমাঞ্চলে ভয়াবহ বিমান হামলায় অন্তত ১০০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েক ডজন মানুষ। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো।

রোববার (১০ মে) জামফারা রাজ্যের জুরমি জেলার তুমফা বাজারে এই হামলার ঘটনা ঘটে। পরে মঙ্গলবার (১২ মে) অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এক বিবৃতিতে হতাহতের তথ্য নিশ্চিত করে।

স্থানীয় সূত্র জানায়, দুপুরের দিকে ওই এলাকায় একাধিক সামরিক বিমানকে চক্কর দিতে দেখা যায়। কিছু সময় পর বিমানগুলো ফিরে এসে জনাকীর্ণ বাজারে হামলা চালায়। এতে ঘটনাস্থলেই বহু মানুষের প্রাণহানি ঘটে।

আহতদের স্থানীয় হাসপাতালসহ আশপাশের চিকিৎসাকেন্দ্রে ভর্তি করা হয়েছে। অনেকের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে নাইজেরিয়ার সামরিক বাহিনী কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি। তবে এর আগে বেসামরিক হতাহতের অভিযোগ অস্বীকার করে বাহিনী জানিয়েছিল, তারা সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সশস্ত্র গোষ্ঠীর অবস্থান লক্ষ্য করেই অভিযান পরিচালনা করে।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এই হামলাকে বেআইনি উল্লেখ করে ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের জবাবদিহির আওতায় আনার আহ্বান জানিয়েছে।

সাম্প্রতিক সময়ে উত্তর নাইজেরিয়ায় সামরিক অভিযান ও সহিংসতার ঘটনায় বেসামরিক মানুষের প্রাণহানির সংখ্যা বাড়তে থাকায় স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক তৈরি হয়েছে।

ডেইলি বাংলাদেশ দিগন্ত

banner
Link copied!