ঢাকা বুধবার, ২২ জুলাই, ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
Daily Bangladesh Diganta

মধ্যপ্রাচ্যের উত্তেজনায় বিশ্ববাজারে আবারও ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম

আন্তর্জাতি ডেস্ক

প্রকাশিত: জুন ৩০, ২০২৬, ১২:৫০ পিএম

মধ্যপ্রাচ্যের উত্তেজনায় বিশ্ববাজারে আবারও ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাম্প্রতিক সামরিক উত্তেজনা আন্তর্জাতিক জ্বালানি বাজারে নতুন করে অস্থিরতা সৃষ্টি করেছে। দুই দেশের মধ্যে বিদ্যমান অন্তর্বর্তীকালীন শান্তি পরিস্থিতি অনিশ্চিত হয়ে পড়ায় বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম আবারও বৃদ্ধি পেয়েছে।

আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, সোমবার (২৯ জুন) বৈশ্বিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৫৮ সেন্ট বা প্রায় ০.৮ শতাংশ বেড়ে ৭২ দশমিক ৫৭ ডলারে পৌঁছেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৮৮ সেন্ট বা ১.৩ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৭০ দশমিক ১১ ডলারে দাঁড়িয়েছে।

বিশ্লেষকদের মতে, নতুন করে সংঘাতের আশঙ্কায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহনপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল ধীর হয়ে পড়েছে। এতে বৈশ্বিক তেল সরবরাহে বিঘ্ন ঘটতে পারে—এমন আশঙ্কাই বাজারে দামের ওপর তাৎক্ষণিক প্রভাব ফেলেছে।

উল্লেখ্য, গত সপ্তাহে হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন প্রায় স্বাভাবিক পর্যায়ে ফিরে আসায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম উল্লেখযোগ্যভাবে কমেছিল। সে সময় ব্রেন্ট ক্রুডের মূল্য প্রায় ১০.৬ শতাংশ হ্রাস পেয়েছিল। তবে নতুন ভূরাজনৈতিক উত্তেজনার কারণে সেই পরিস্থিতির দ্রুত পরিবর্তন ঘটেছে।

অর্থনৈতিক গবেষণা প্রতিষ্ঠান আইএনজি এক বিশ্লেষণে জানিয়েছে, আন্তর্জাতিক জ্বালানি বাজার এখনো ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। বিনিয়োগকারী ও ব্যবসায়ীরা মধ্যপ্রাচ্য থেকে তেলের সরবরাহ কত দ্রুত স্বাভাবিক হবে, সেদিকেই নজর রাখছেন।

জ্বালানি বাজার বিশ্লেষকদের ধারণা, যদি মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতির কারণে তেল পরিবহন ও সরবরাহে দীর্ঘস্থায়ী বিঘ্ন সৃষ্টি হয়, তাহলে আগামী দিনগুলোতে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আরও বাড়তে পারে।

ডেইলি বাংলাদেশ দিগন্ত

banner
Link copied!