ঢাকা বুধবার, ২২ জুলাই, ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
Daily Bangladesh Diganta

ব্যক্তিগত ঋণ পরিশোধের মেয়াদ বাড়িয়ে ৮ বছর করল বাংলাদেশ ব্যাংক

দিগন্ত নিউজ ডেক্সঃ

প্রকাশিত: জুন ২৭, ২০২৬, ০১:০৩ পিএম

ব্যক্তিগত ঋণ পরিশোধের মেয়াদ বাড়িয়ে ৮ বছর করল বাংলাদেশ ব্যাংক

ব্যক্তিগত ঋণগ্রহীতাদের জন্য নতুন সুবিধা ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। খুচরা ঋণ সম্প্রসারণ এবং সাধারণ মানুষের জন্য ঋণপ্রাপ্তি সহজ করতে ব্যক্তিগত ঋণের সর্বোচ্চ পরিশোধের মেয়াদ পাঁচ বছর থেকে বাড়িয়ে আট বছর করা হয়েছে।

শনিবার (২৭ জুন) এ বিষয়ে দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও) কাছে একটি সার্কুলার জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।

নতুন নির্দেশনা অনুযায়ী, ব্যাংকগুলো এখন ব্যক্তিগত ও ভোক্তা ঋণের ক্ষেত্রে আগের তুলনায় দীর্ঘমেয়াদি পরিশোধ সুবিধা দিতে পারবে। পাশাপাশি ভোক্তা ঋণের প্রবৃদ্ধির ওপর এতদিন কার্যকর থাকা একটি গুরুত্বপূর্ণ সীমাবদ্ধতাও তুলে নেওয়া হয়েছে।

সংশোধিত নীতিমালায় বলা হয়েছে, ব্যাংকগুলো এখন তাদের মোট ঋণ প্রবৃদ্ধির তুলনায় বেশি হারে ভোক্তা ঋণের পোর্টফোলিও সম্প্রসারণ করতে পারবে। আগে এ ক্ষেত্রে ভোক্তা ঋণের প্রবৃদ্ধি ব্যাংকের মোট ঋণ প্রবৃদ্ধির হার অতিক্রম করতে পারত না।

ব্যাংকিং খাতের সংশ্লিষ্টরা মনে করছেন, ঋণের মেয়াদ তিন বছর বাড়ানোয় গ্রাহকদের মাসিক কিস্তির (ইএমআই) পরিমাণ কমে আসবে। ফলে চাকরিজীবী, মধ্যবিত্ত এবং অন্যান্য ব্যক্তিগত ঋণগ্রহীতাদের জন্য ব্যাংক ঋণ গ্রহণ ও পরিশোধ আরও সহজ হবে।

তবে ব্যাংকারদের একটি অংশ সতর্ক করে বলেছেন, দীর্ঘমেয়াদি ঋণ সুবিধা কার্যকরভাবে ব্যবস্থাপনা করতে না পারলে ভবিষ্যতে খেলাপি ঋণের ঝুঁকি বাড়তে পারে। তাই যথাযথ ঝুঁকি মূল্যায়নের মাধ্যমে ঋণ বিতরণের ওপর গুরুত্ব দিয়েছেন তারা।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের মতে, ভোক্তা ঋণের প্রবৃদ্ধির সীমা প্রত্যাহারের ফলে ব্যাংকগুলো খুচরা ঋণ খাতে আরও সক্রিয় হতে পারবে এবং বাজারে ব্যক্তিগত ঋণের চাহিদা পূরণে ইতিবাচক ভূমিকা রাখবে।

ডেইলি বাংলাদেশ দিগন্ত

banner
Link copied!