ঢাকা বুধবার, ২২ জুলাই, ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
Daily Bangladesh Diganta

জুনের ২৪ দিনেই দেশে এলো ২৩১ কোটি ডলারের রেমিট্যান্স, বেড়েছে প্রবাসী আয়

দিগন্ত নিউজ ডেক্সঃ

প্রকাশিত: জুন ২৫, ২০২৬, ০৮:২৪ পিএম

জুনের ২৪ দিনেই দেশে এলো ২৩১ কোটি ডলারের রেমিট্যান্স, বেড়েছে প্রবাসী আয়

চলতি জুন মাসের প্রথম ২৪ দিনে বৈধ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে দেশে এসেছে ২৩১ কোটি ২০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। এতে প্রতিদিন গড়ে প্রায় ৯ কোটি ৬৩ লাখ ডলার করে প্রবাসী আয় দেশে এসেছে।

বৃহস্পতিবার (২৫ জুন) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের একই সময় দেশে রেমিট্যান্স এসেছিল ২২৮ কোটি ৫০ লাখ মার্কিন ডলার। সে তুলনায় চলতি বছরে প্রবাসী আয় কিছুটা বৃদ্ধি পেয়েছে।

চলতি ২০২৫-২৬ অর্থবছরের ১ জুলাই থেকে ২৪ জুন পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ৩ হাজার ৫০৬ কোটি ৯০ লাখ মার্কিন ডলার। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় এই প্রবাহ বেড়েছে প্রায় ১৭ দশমিক ৭০ শতাংশ।

মাসভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, মে মাসে দেশে এসেছে ৩৪২ কোটি ৫০ লাখ ৩০ হাজার ডলার, যা একক মাস হিসেবে দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স। এর আগে মার্চ মাসে আসে ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার ডলার, যা এখন পর্যন্ত সর্বোচ্চ মাসিক রেমিট্যান্সের রেকর্ড।

এ ছাড়া এপ্রিলে এসেছে ৩১২ কোটি ৭৩ লাখ ডলার, জানুয়ারিতে ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার ডলার, ফেব্রুয়ারিতে ৩০২ কোটি ৭ লাখ ৬০ হাজার ডলার, ডিসেম্বরে ৩২২ কোটি ৬৭ লাখ ডলার এবং নভেম্বরে ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার।

অন্যদিকে অক্টোবর, সেপ্টেম্বর, আগস্ট ও জুলাই মাসে যথাক্রমে ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার, ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার, ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার এবং ২৪৭ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স দেশে আসে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, ২০২৪-২৫ অর্থবছরজুড়ে দেশে মোট ৩০ দশমিক ৩২ বিলিয়ন মার্কিন ডলার বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে। এটি বাংলাদেশের ইতিহাসে কোনো এক অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।

ডেইলি বাংলাদেশ দিগন্ত

banner
Link copied!