ঢাকা বুধবার, ০৩ জুন, ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
Daily Bangladesh Diganta

আর্থিক খাতে রাজনৈতিক হস্তক্ষেপ নয়, স্বাধীনতার বার্তা অর্থমন্ত্রীর

দিগন্ত নিউজ ডেক্সঃ

প্রকাশিত: মে ১২, ২০২৬, ১২:৪৪ পিএম

আর্থিক খাতে রাজনৈতিক হস্তক্ষেপ নয়, স্বাধীনতার বার্তা অর্থমন্ত্রীর

দেশের আর্থিক খাত, বিনিয়োগ ও ঋণ ব্যবস্থাপনায় কোনো ধরনের রাজনৈতিক হস্তক্ষেপ করা হবে না বলে স্পষ্ট বার্তা দিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

মঙ্গলবার (১২ মে) রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ স্টার্টআপ ইনভেস্টমেন্ট কোম্পানি-র উদ্বোধনী ফান্ড ঘোষণা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, দেশের আর্থিক খাতকে স্বাধীনভাবে পরিচালনার সুযোগ দেওয়া হবে এবং বিনিয়োগ কিংবা ঋণ বরাদ্দের ক্ষেত্রে কোনো রাজনৈতিক প্রভাব বা হস্তক্ষেপ থাকবে না। এটি সরকার ও প্রধানমন্ত্রীর সুস্পষ্ট নীতিগত সিদ্ধান্ত বলেও উল্লেখ করেন তিনি।

আমির খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন, পুঁজিবাজার, বিনিয়োগ বাজার এবং সামগ্রিক আর্থিক ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে সরকার কাজ করছে। একই সঙ্গে বিদেশি বিনিয়োগকারীরাও বাংলাদেশের বাজারে আগ্রহ দেখাচ্ছেন বলে জানান তিনি।

অনুষ্ঠানে জানানো হয়, ৩৯টি বাণিজ্যিক ব্যাংকের অংশগ্রহণে ৪২৫ কোটি টাকা মূলধন নিয়ে যাত্রা শুরু করেছে বাংলাদেশ স্টার্টআপ ইনভেস্টমেন্ট কোম্পানি। ব্যাংকগুলোর মুনাফার একটি অংশ দিয়ে গঠিত এই তহবিল থেকে প্রযুক্তিনির্ভর ও উৎপাদনশীল খাতে নতুন উদ্যোক্তাদের বিনিয়োগ সহায়তা দেওয়া হবে।

এ উদ্যোগের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং আর্থিক অন্তর্ভুক্তি আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংক-এর পক্ষ থেকেও জানানো হয়, নতুন উদ্যোক্তাদের সহায়তায় ভেঞ্চার ক্যাপিটাল খাতে অতিরিক্ত অর্থায়নের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ডিজিটাল লেনদেন আরও সহজ করতে শিগগিরই বাংলা কিউআর কোড ব্যবস্থাও চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

ডেইলি বাংলাদেশ দিগন্ত

banner
Link copied!