দেশের চামড়া শিল্পকে আরও লাভজনক, আধুনিক ও টেকসই খাতে রূপ দিতে কাজ করছে সরকার। আসন্ন ঈদুল আজহা সামনে রেখে ‘শূন্য বর্জ্য’ ধারণা বাস্তবায়নের পরিকল্পনাও নেওয়া হয়েছে।
রোববার (১৭ মে) চামড়া শিল্প বিষয়ক কর্মপরিকল্পনা কমিটির সভায় এসব তথ্য জানান খন্দকার আব্দুল মুক্তাদির।
মন্ত্রী বলেন, দেশের চামড়া শিল্পকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে সাভার-এর কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগার আধুনিকায়ন এবং আন্তর্জাতিক মানদণ্ড নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, পশু জবাই থেকে শুরু করে চামড়া সংগ্রহ, সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ এবং বাজারজাতকরণ পর্যন্ত পুরো ব্যবস্থাকে একটি সমন্বিত কাঠামোর আওতায় আনা হবে। ঈদের পর থেকেই এ বিষয়ে কর্মপরিকল্পনাভিত্তিক কার্যক্রম শুরু করা হবে।
সভায় ‘শূন্য বর্জ্য’ ধারণার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। সংশ্লিষ্টরা জানান, পশুর চর্বি ও অন্যান্য উপপণ্যও সাবান, শিল্পকারখানার রাসায়নিক উপাদানসহ বিভিন্ন পণ্য তৈরিতে মূল্যবান কাঁচামাল হিসেবে ব্যবহার করা সম্ভব।
সরকার মনে করছে, আধুনিক প্রযুক্তি, দক্ষ ব্যবস্থাপনা এবং পরিবেশবান্ধব উদ্যোগ নিশ্চিত করা গেলে দেশের চামড়া খাত থেকে রপ্তানি আয় ও কর্মসংস্থান—দুই ক্ষেত্রেই বড় সম্ভাবনা তৈরি হবে।

