ঢাকা বুধবার, ০৩ জুন, ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
Daily Bangladesh Diganta

অর্থনীতিকে সবার জন্য উন্মুক্ত করতে চায় সরকার: অর্থমন্ত্রীর বার্তা

দিগন্ত নিউজ ডেক্সঃ

প্রকাশিত: মে ১০, ২০২৬, ০১:৪৭ পিএম

অর্থনীতিকে সবার জন্য উন্মুক্ত করতে চায় সরকার: অর্থমন্ত্রীর বার্তা

দেশের প্রান্তিক ও মূলধারার বাইরে থাকা মানুষদের অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত করে অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

রোববার (১০ মে) রাজধানীর আগারগাঁও-এ পিকেএসএফ এবং বিশ্বব্যাংক-এর যৌথ উদ্যোগে অনানুষ্ঠানিক খাত উন্নয়ন প্রকল্প ‘রেইজ’-এর দ্বিতীয় পর্যায়ের কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, শুধু রাজনৈতিক ক্ষেত্রেই নয়, অর্থনীতিতেও সবার অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। যারা এখনো অর্থনীতির মূলধারার বাইরে রয়েছেন, তাদের সম্পৃক্ত করা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব। এ লক্ষ্যেই সরকার অর্থনীতির গণতন্ত্রীকরণে গুরুত্ব দিচ্ছে।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, যেকোনো উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে নির্ধারিত মানদণ্ড অনুসরণ করা হবে। মানসম্মত ও টেকসই প্রকল্পের মাধ্যমে দেশের অর্থনৈতিক ভিত্তি আরও শক্তিশালী করার পরিকল্পনা রয়েছে।

নারীদের অর্থনৈতিক সক্ষমতা বাড়াতে সরকারের বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি। পরিবার ও স্থানীয় অর্থনীতিতে নারীদের অবদান উল্লেখ করে বলেন, বিভিন্ন সহায়তা কর্মসূচি গ্রামীণ অর্থনীতিতে অর্থের প্রবাহ বাড়াতে ইতিবাচক ভূমিকা রাখছে।

তিনি আরও জানান, আগামী বাজেটে স্বাস্থ্য ও শিক্ষা খাতে ব্যয় বাড়ানোর পরিকল্পনা রয়েছে, যাতে সাধারণ মানুষ আরও সহজে এসব সেবা পেতে পারে।

দেশের হস্তশিল্প, সংস্কৃতি, সংগীত, থিয়েটার এবং খেলাধুলার মতো সম্ভাবনাময় খাতেও বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে অর্থমন্ত্রী বলেন, সঠিক পরিকল্পনা, আধুনিক ডিজাইন ও আন্তর্জাতিক বিপণন কৌশল কাজে লাগাতে পারলে বাংলাদেশের অনেক পণ্য ও সৃজনশীল খাত বিশ্ববাজারে শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম হবে।

ডেইলি বাংলাদেশ দিগন্ত

banner
Link copied!