ঢাকা বুধবার, ০৩ জুন, ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
Daily Bangladesh Diganta

ফারাক্কা চুক্তিই নির্ধারণ করবে ভারতের সঙ্গে সম্পর্কের ভবিষ্যৎ: মির্জা ফখরুল ইসলাম আলমগীর

দিগন্ত নিউজ ডেক্সঃ

প্রকাশিত: মে ১৬, ২০২৬, ০২:০৭ পিএম

ফারাক্কা চুক্তিই নির্ধারণ করবে ভারতের সঙ্গে সম্পর্কের ভবিষ্যৎ: মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ভারতের সঙ্গে বাংলাদেশের ভবিষ্যৎ সম্পর্ক অনেকটাই ফারাক্কা চুক্তির বাস্তবায়ন ও নবায়নের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (১৬ মে) ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক বজায় থাকবে কি না, সেটি ফারাক্কা চুক্তির সুষ্ঠু বাস্তবায়নের মধ্য দিয়েই প্রমাণিত হবে। তিনি বলেন, চলতি বছর চুক্তির মেয়াদ শেষ হচ্ছে, তাই নবায়নের ক্ষেত্রে ভারতকে ইতিবাচক ভূমিকা নিতে হবে। তবে বাংলাদেশের জাতীয় স্বার্থ অক্ষুণ্ন রেখেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

বর্তমান সরকারের পদ্মা ব্যারাজ নির্মাণ উদ্যোগকে স্বাগত জানিয়ে তিনি বলেন, এটি দেশের পানি ব্যবস্থাপনা ও কৃষি অর্থনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী সিদ্ধান্ত।

দেশের সার্বভৌমত্ব ও জাতীয় ঐক্যের প্রসঙ্গ তুলে তিনি আরও বলেন, বাংলাদেশ নিজের স্বাধীনতা ও মর্যাদার প্রশ্নে কখনো আপস করবে না এবং দেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র জনগণ ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে।

একই অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় পানি সংকট, পরিবেশগত ঝুঁকি এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, জাতীয় স্বার্থ রক্ষা এবং প্রতিবেশী দেশের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে সবাইকে সচেতন থাকতে হবে।

ঐতিহাসিক ফারাক্কা দিবস উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, পানি বিশেষজ্ঞ, পরিবেশবিদ এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ফারাক্কা লংমার্চ দিবস প্রতিবছর ১৬ মে পালন করা হয়, যা ১৯৭৬ সালের আন্দোলনের স্মৃতি বহন করে।

ডেইলি বাংলাদেশ দিগন্ত

banner
Link copied!