ঢাকা বুধবার, ০৩ জুন, ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
Daily Bangladesh Diganta

মানবাধিকার কমিশনকে কার্যকর করতে নতুন আইন হচ্ছে: আইনমন্ত্রী

দিগন্ত নিউজ ডেক্সঃ

প্রকাশিত: মে ১৭, ২০২৬, ০৯:০৩ পিএম

মানবাধিকার কমিশনকে কার্যকর করতে নতুন আইন হচ্ছে: আইনমন্ত্রী

মানবাধিকার কমিশনকে আরও কার্যকর ও শক্তিশালী প্রতিষ্ঠানে পরিণত করতে সরকার নতুন আইন প্রণয়নের কাজ করছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

রোববার (১৭ মে) রাজধানীর সিরডাপ মিলনায়তনে মানবাধিকার কমিশন আইন প্রণয়ন বিষয়ক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, নতুন আইনে জাতীয় মানবাধিকার কমিশন-কে আরও কার্যকর, স্বাধীন ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠানে রূপ দিতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে। তিনি বলেন, মানবাধিকার কমিশন যেন শুধু নামমাত্র প্রতিষ্ঠান হয়ে না থাকে, সেজন্য মন্ত্রণালয় কাজ করছে।

আলোচনা সভায় বিভিন্ন মানবাধিকার কর্মী, জনপ্রতিনিধি, সাংবাদিক এবং উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিরা দেশের সামগ্রিক মানবাধিকার পরিস্থিতি নিয়ে মতামত তুলে ধরেন।

সভায় গুম হওয়া ব্যক্তিদের পরিবারগুলোর বিচার ও ন্যায়বিচার নিশ্চিত করার বিষয়েও গুরুত্বারোপ করা হয়। এ প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, গুম ও নির্যাতনের শিকার ব্যক্তি ও তাদের পরিবারের জন্য নতুন আইনে সুরক্ষা ও বিচার নিশ্চিত করার বিষয় অন্তর্ভুক্ত করা হচ্ছে।

তিনি আরও জানান, নতুন আইনের খসড়ায় নির্যাতনের ঘটনায় জড়িত ব্যক্তিদের জন্য সর্বনিম্ন ১০ বছরের কারাদণ্ডের বিধান রাখার প্রস্তাব রয়েছে। পাশাপাশি দ্রুত বিচার নিশ্চিত করতে নির্ধারিত সময়সীমার মধ্যেই বিচার প্রক্রিয়া শেষ করার পরিকল্পনা রয়েছে।

আইনমন্ত্রী বলেন, বিচার বিভাগ ও আইন খাতে জবাবদিহিতা, স্বচ্ছতা এবং দক্ষতা নিশ্চিত করতেও সরকার কাজ করে যাচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, নতুন আইন বাস্তবায়নের মাধ্যমে দেশের মানবাধিকার পরিস্থিতির আরও উন্নতি হবে।

ডেইলি বাংলাদেশ দিগন্ত

banner
Link copied!