দেশে হামের প্রাদুর্ভাব নিয়ে উদ্বেগ থাকলেও এটিকে জরুরি অবস্থা বা মহামারি হিসেবে দেখার পরিস্থিতি সৃষ্টি হয়নি বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। সোমবার (২০ এপ্রিল) নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাম-রুবেলা টিকাদান কার্যক্রম উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, হামে আক্রান্ত হয়ে প্রথম শিশুমৃত্যুর পরপরই সরকার দ্রুত আইসিইউসহ প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে তিনি জানান।
তিনি আরও বলেন, শিশুদের পুষ্টিহীনতা ও রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার পেছনে মাতৃদুগ্ধ গ্রহণে অনীহা একটি বড় কারণ। অনেক মা বিভিন্ন কারণে শিশুদের বুকের দুধ না খাওয়ানোর ফলে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে পড়ছে, যা হামের মতো সংক্রমণ ছড়িয়ে পড়ার ঝুঁকি বাড়াচ্ছে।
অতীতের স্বাস্থ্যখাতের দুর্বলতার কথাও উল্লেখ করে মন্ত্রী বলেন, পূর্ববর্তী সময়ে যথাযথ বিনিয়োগ না থাকায় বর্তমান পরিস্থিতি মোকাবিলায় চ্যালেঞ্জ তৈরি হয়েছে। তবে সরকার পরিস্থিতি উন্নয়নে কাজ করছে।
এ সময় তিনি রূপগঞ্জ এলাকায় একটি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের পরিকল্পনার কথাও জানান এবং তা বাস্তবায়নে আশাবাদ ব্যক্ত করেন।

