দেশে ভুয়া চিকিৎসক তৈরির অভিযোগে কিছু বেসরকারি মেডিকেল কলেজ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত।
শনিবার সচিবালয়ে বিভিন্ন মেডিকেল কলেজের নথি পর্যালোচনা করে এক ভিডিও বার্তায় তিনি বলেন, কিছু প্রতিষ্ঠান নীতিমালা না মেনে শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবর্তে বাণিজ্যিক প্রতিষ্ঠানের মতো পরিচালিত হচ্ছে।
প্রতিমন্ত্রী জানান, অনেক কলেজে নিজস্ব জমি, প্রয়োজনীয় কাগজপত্র কিংবা বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিলের অনুমোদন পর্যন্ত নেই। কোথাও হাসপাতাল ও রোগী না থাকায় শিক্ষার্থীরা যথাযথ প্রশিক্ষণও পাচ্ছে না।
তিনি বলেন, এভাবে অদক্ষ চিকিৎসক তৈরি হলে তা জনস্বাস্থ্যের জন্য বড় ঝুঁকি তৈরি করবে এবং অভিভাবকরাও প্রতারিত হচ্ছেন।
সরকারের অবস্থান স্পষ্ট করে তিনি জানান, প্রয়োজনীয় শিক্ষক, হাসপাতাল ও মানসম্মত পরিবেশ ছাড়া কোনো মেডিকেল কলেজ চালাতে দেওয়া হবে না। ভুয়া ক্লিনিক ও নার্সদের মতোই ভুয়া চিকিৎসক তৈরির এসব প্রতিষ্ঠানও বন্ধ করে দেওয়া হবে।
জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন প্রতিমন্ত্রী।

