সরকারি হাসপাতালে দায়িত্ব পালনকালে বেসরকারি চেম্বার বা হাসপাতালে রোগী দেখলে সংশ্লিষ্ট চিকিৎসকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছেন সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি জানিয়েছেন, এ ধরনের অনিয়ম প্রমাণিত হলে চিকিৎসকের লাইসেন্স স্থগিতসহ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ হুঁশিয়ারি দেন।
মন্ত্রী জানান, সরকারি দায়িত্ব পালনকালে কর্মস্থলে অনুপস্থিত থেকে বেসরকারি হাসপাতালে রোগী দেখার অভিযোগে চিকিৎসক ডা. রাজেশ মজুমদার-এর লাইসেন্স ছয় মাসের জন্য স্থগিত করা হয়েছে। পাশাপাশি তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। যে বেসরকারি হাসপাতালে তিনি রোগী দেখছিলেন, সেই প্রতিষ্ঠানকেও একই ধরনের নোটিশ দেওয়া হয়েছে বলে জানান তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর তা প্রধানমন্ত্রীর নজরে আসে এবং তারেক রহমান প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। সেই নির্দেশনা অনুযায়ী দ্রুত প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
তিনি আরও বলেন, সরকারি হাসপাতালে কর্মরত চিকিৎসকদের জন্য ডিউটির সময় বেসরকারি চেম্বারে রোগী দেখা সম্পূর্ণ নিষিদ্ধ। এ ধরনের অনিয়ম বন্ধ করতে সারাদেশে নজরদারি ও তদারকি জোরদার করা হয়েছে।
স্বাস্থ্যসেবার মান উন্নয়নের বিষয়ে মন্ত্রী জানান, চিকিৎসা খাতে জনবল সংকট দূর করতে মিডওয়াইফ, ফার্মাসিস্ট, টেকনোলজিস্টসহ বিভিন্ন পদে প্রায় এক লাখ জনবল নিয়োগের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে প্রায় ৮০ শতাংশ নারী নিয়োগ দেওয়ার লক্ষ্য রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

