ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর, ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
Daily Bangladesh Diganta

বগুড়ায় ট্রেনে নারী ধর্ষণ: ৪ পুলিশ সদস্য প্রত্যাহার

দিগন্ত নিউজ ডেক্সঃ

প্রকাশিত: সেপ্টেম্বর ২, ২০২৬, ০৩:৩৯ পিএম

বগুড়ায় ট্রেনে নারী ধর্ষণ: ৪ পুলিশ সদস্য প্রত্যাহার

ঢাকা থেকে কুড়িগ্রামগামী আন্তঃনগর কুড়িগ্রাম এক্সপ্রেসে এক নারীকে ধর্ষণের অভিযোগের ঘটনায় দায়িত্বে থাকা চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) তাদের দায়িত্ব থেকে সরিয়ে পাকশী রেলওয়ে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়।

সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।

 

ওসি জানান, ঘটনার সময় কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনে দায়িত্ব পালন করা চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করে পাকশী রেলওয়ে পুলিশ লাইন্সে পাঠানো হয়েছে। তাদের ভূমিকা খতিয়ে দেখতে অধিকতর তদন্ত করা হবে। তদন্তের ফলাফলের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

 

মামলার বিবরণ ও সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, গত ৩১ আগস্ট সকালে ওই নারী ঢাকা থেকে কুড়িগ্রামের উদ্দেশে কুড়িগ্রাম এক্সপ্রেসে যাত্রা করেন। পথে চলন্ত ট্রেনের ক্যান্টিনে নিয়ে আবু বক্কর সিদ্দিকসহ কয়েকজন তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে।

ভুক্তভোগীর চিৎকার শুনে ট্রেনের অন্য যাত্রীরা সেখানে এগিয়ে আসেন। পরে তারা আবু বক্কর সিদ্দিককে আটক করে পুলিশের হাতে তুলে দেন।

 

ঘটনার পর ভুক্তভোগী নিজেই বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলায় মোট পাঁচজনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে দুই পুলিশ সদস্যের নামও রয়েছে বলে জানা গেছে।

ঘটনার সঙ্গে দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের কোনো ধরনের গাফিলতি বা সংশ্লিষ্টতা ছিল কি না, তা তদন্তের মাধ্যমে নির্ধারণ করা হবে।

ডেইলি বাংলাদেশ দিগন্ত

banner
Link copied!