ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর, ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
Daily Bangladesh Diganta

বেনাপোলে ভারতে ফেরার পথে ভারতীয় নাগরিকের মৃত্যু

দিগন্ত নিউজ ডেক্সঃ

প্রকাশিত: সেপ্টেম্বর ২, ২০২৬, ০১:৫২ পিএম

বেনাপোলে ভারতে ফেরার পথে ভারতীয় নাগরিকের মৃত্যু

যশোরের বেনাপোল স্থলবন্দরে ভারতে ফেরার প্রস্তুতির সময় হঠাৎ অসুস্থ হয়ে গৌতম মিস্ত্রি (৫৫) নামে এক ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে।

 

প্রত্যক্ষ তথ্য অনুযায়ী, গৌতম মিস্ত্রি বরিশালে আত্মীয়ের বাড়িতে বেড়াতে বাংলাদেশে এসেছিলেন। ২২ আগস্ট স্ত্রীকে সঙ্গে নিয়ে তারা বরিশালে যান। প্রায় ১২ দিন অবস্থানের পর বুধবার ভারতে ফেরার উদ্দেশ্যে বেনাপোলে পৌঁছান তারা।

স্থলবন্দর এলাকায় গাড়ি থেকে নামার পরই গৌতম হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে পড়ে যান। পরে দ্রুত তাকে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

 

শার্শা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌফিক পারভেজ জানান, বেনাপোলের জিএম বাস কাউন্টারের সামনে অসুস্থ হয়ে পড়ার পর গৌতমকে হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসকদের প্রাথমিক ধারণা, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে।

 

গৌতম মিস্ত্রি কলকাতার বাসিন্দা এবং রমনী মিস্ত্রির ছেলে। তার স্ত্রী জাহানারা মিস্ত্রি স্বামীর মৃত্যুর বিষয়টি সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানিয়েছেন।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুর রহমান জানান, ভারতীয় পাসপোর্টধারী এক যাত্রীর মৃত্যুর খবর তারা পেয়েছেন। মরদেহ ভারতে পাঠানোর জন্য প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহের পরামর্শ দেওয়া হয়েছে।

ডেইলি বাংলাদেশ দিগন্ত

banner
Link copied!