জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার ৮৩ নম্বর পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, দোয়া মাহফিল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বুধবার (৫ আগস্ট) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা শুরু হয়ে দুপুর ১২টায় শেষ হয়। প্রতিযোগিতায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নিয়ে জুলাই গণঅভ্যুত্থান এবং শহীদদের স্মরণে বিভিন্ন চিত্র অঙ্কন করে।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন পশ্চিম কাকড়াবুনিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাকির হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের কার্যনির্বাহী কমিটির সভাপতি মো. মোশাররফ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মজিবুর রহমান মৃধা, সাবেক প্রধান শিক্ষক মো. জাফর হোসেন খান, কিসমতপুর দেলোয়ার হোসেন কলেজের প্রভাষক মো. মোশাররফ হোসেন, সহকারী শিক্ষক নুসরাত জাহান তানিয়া, সায়লা সাবরীন সালমা ও আসমা বেগম।
এছাড়া উত্তর কাকড়াবুনিয়া খিদমাতুল কুরআন হাফিজি মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা মীর মো. মাসুম বিল্লাহ, পশ্চিম কাকড়াবুনিয়া আদর্শ নূরানী মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা মো. আসলাম চাং, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষ পর্বে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আবু সাইদসহ সকল নিহতের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

