পবিত্র ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ নিয়ে প্রাথমিক পূর্বাভাস দিয়েছেন জ্যোতির্বিদরা। তাদের মতে, চলতি বছর রমজান মাস ৩০ দিন পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। সে ক্ষেত্রে আগামী ২০ মার্চ ঈদ উদযাপিত হতে পারে।
গালফভিত্তিক এক প্রতিবেদনে জানানো হয়, সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞানীরা এ পূর্বাভাস দিয়েছেন। Emirates Astronomy Society-এর পরিচালনা পরিষদের চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানান, ১৮ মার্চ আকাশে চাঁদ দৃশ্যমান হওয়ার সম্ভাবনা নেই। ফলে পরদিন নতুন মাস শুরুর সম্ভাবনাও কম।
তার ভাষ্য অনুযায়ী, শাওয়াল মাসের চাঁদ ১৯ মার্চ ভোর ৫টা ২৩ মিনিটে জন্ম নেবে এবং সূর্যাস্তের পর প্রায় ২৯ মিনিট আকাশে অবস্থান করতে পারে। আবহাওয়া ও দৃশ্যমানতা অনুকূলে থাকলে ওই দিন চাঁদ দেখা যেতে পারে, যা রমজান সমাপ্তি ও শাওয়াল শুরুর ইঙ্গিত দেবে।
তবে জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব প্রাথমিক ধারণা দিলেও চূড়ান্ত সিদ্ধান্ত সংশ্লিষ্ট দেশের সরকারি চাঁদ দেখা কমিটির ঘোষণার মাধ্যমেই জানানো হবে।

