ঢাকা সোমবার, ০২ মার্চ, ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২
Daily Bangladesh Diganta

মধ্যপ্রাচ্যে চলমান পরিস্থিতিতে প্রবাসীদের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

দিগন্ত নিউজ ডেক্সঃ

প্রকাশিত: মার্চ ১, ২০২৬, ০২:৫৭ পিএম

মধ্যপ্রাচ্যে চলমান পরিস্থিতিতে প্রবাসীদের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে সেখানে অবস্থানরত বাংলাদেশিদের সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (১ মার্চ) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। বৈঠকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরও উপস্থিত ছিলেন।

 

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, ইরানের সাম্প্রতিক ঘটনাবলির কারণে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা বাংলাদেশিদের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

সরকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনে দ্রুত পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি রয়েছে বলে জানানো হয়।

 

মধ্যপ্রাচ্যকেন্দ্রিক একাধিক উড়ান বাতিল হওয়ায় সৃষ্ট পরিস্থিতিও বৈঠকে গুরুত্ব পায়। বিশেষ করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ আটকে পড়া যাত্রীদের ব্যবস্থাপনা নিয়ে সার্বক্ষণিক তদারকি করছেন প্রধানমন্ত্রী।

নির্দেশনা অনুযায়ী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করছে। বিমান প্রতিমন্ত্রী সকাল থেকেই বিমানবন্দরে অবস্থান করছেন। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কেও প্রয়োজনীয় সহায়তা কার্যক্রম জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে।

 

সংশ্লিষ্ট সূত্র জানায়, আঞ্চলিক উত্তেজনার সম্ভাব্য প্রভাব মোকাবিলায় কূটনৈতিক ও প্রশাসনিক প্রস্তুতি জোরদার করা হয়েছে। প্রবাসীদের নিরাপত্তা ও স্বার্থ সুরক্ষায় সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে বলে জানানো হয়েছে।

ডেইলি বাংলাদেশ দিগন্ত

banner
Link copied!