ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
Daily Bangladesh Diganta

মতলব দক্ষিনে ২৫ মামলার আসামী মাদক ব্যবসায়ী সুমন গ্রেফতার

সমির ভট্টাচার্য্য,মতলব থেকেঃ

প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২৬, ০৬:৩৪ পিএম

মতলব দক্ষিনে ২৫ মামলার আসামী মাদক ব্যবসায়ী সুমন গ্রেফতার

চাঁদপুরের মতলব দক্ষিণ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৫ মামলার আসামি মো. সুমন প্রধানীয়াকে (৩০) গ্রেপ্তার করা হয়।

মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ  হাফিজুর রহমান মানিকের নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে এসআই দেলোয়ার সঙ্গীয় ফোর্স নিয়ে রোববার রাত সাড়ে আটটায় উপজেলার চাপাতিয়া এলাকা থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার মো. সুমন প্রধানীয়ার বাড়ি চাপাতিয়া গ্রামে। সে ওই গ্রামের মো. এবাদুল্যাহ প্রধানীয়ার ছেলে। এর আগে তার স্ত্রী ও বোনকে মাদক সহ গ্রেপ্তার করা হয়েছিল ।

থানা সূত্র জানায়, গ্রেপ্তার মো. সুমন প্রধানীয়ার বিরুদ্ধে থানায়  ২৫টি মামলার মধ্যে তিনটি মামলার রায় হয়েছে। ২০২১ সালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা একটি মামলায় চাঁদপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতের রায়ে তাঁকে এক বছর ছয় মাসের সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকার অর্থদন্ড দেওয়া হয়। অর্থদন্ড পরিশোধ না হওয়ায় আদালত তাঁকে আরও এক মাস কারাদন্ড দেন। ২০২৪ সালে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা অপর একটি মামলায় চাঁদপুরের একটি আদালত তাঁকে দুই বছর দুই মাসের কারাদন্ড দেন।

এ ছাড়া ২০২২ সালে থানায় করা আরও একটি মামলায় তাঁর এক বছর ১১ মাসের সাজা হয়। মতলব দক্ষিণ থানার ওসি হাফিজুর রহমান মানিক বলেন, গ্রেপ্তার ব্যক্তি মাদক বেচাকেনার একজন বড় কারবারি। এর আগে ৪ হাজারটি ইয়াবা বড়িসহ তাঁকে আটক করা হয়েছিল। চাঁদপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।

ডেইলি বাংলাদেশ দিগন্ত

banner
Link copied!