দেশে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। এতে চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭০৮ জনে।
শনিবার (২৭ জুন) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টার তথ্য প্রকাশ করে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, মোট মৃত্যুর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হামে মারা গেছেন ৯৩ জন। এছাড়া হামের উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ৬১৫ জন।
সর্বশেষ ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ময়মনসিংহ বিভাগে চারজন এবং ঢাকা ও খুলনা বিভাগে একজন করে রয়েছেন।
এদিকে একই সময়ে সারাদেশে নতুন করে ৭৪৪ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছেন। পরীক্ষায় তাদের মধ্যে ৪৫ জনের হামের সংক্রমণ নিশ্চিত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে শনিবার সকাল পর্যন্ত দেশে মোট ৯৮ হাজার ২৬৬ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে পরীক্ষায় ১১ হাজার ৫৯৪ জনের হামে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা শিশুদের নির্ধারিত সময় অনুযায়ী হাম-রুবেলা (এমআর) টিকা নিশ্চিত করার পাশাপাশি জ্বর, শরীরে লালচে দানা, কাশি বা চোখ লাল হওয়ার মতো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

