ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
Daily Bangladesh Diganta

সেপ্টেম্বরের শেষ থেকে বাড়তে পারে ডেঙ্গু, সতর্কবার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

দিগন্ত নিউজ ডেক্সঃ

প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০২৬, ০৭:২৭ পিএম

সেপ্টেম্বরের শেষ থেকে বাড়তে পারে ডেঙ্গু, সতর্কবার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

সেপ্টেম্বরের শেষ সপ্তাহ থেকে অক্টোবর পর্যন্ত দেশে ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে বলে সতর্ক করেছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এ এম এ মুহিত। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এখন থেকেই প্রতিরোধমূলক উদ্যোগ জোরদারের আহ্বান জানিয়েছেন তিনি।

রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় সংসদের টানেলে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে এ সতর্কবার্তা দেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী।

 

ড. এ এম এ মুহিত জানান, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১১৩ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্যসংক্রান্ত তথ্য ও পরিসংখ্যান বিশ্লেষণে সেপ্টেম্বরের শেষ দিক থেকে রোগটির বিস্তার বাড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে।

তাই অক্টোবরের আগেই ডেঙ্গু মোকাবেলায় প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার জন্য সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।

 

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, আগামীকাল থেকে জনগণকে সম্পৃক্ত করে ডেঙ্গু প্রতিরোধে মাঠপর্যায়ের কার্যক্রম আরও জোরালো করা হবে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও সচেতনতা তৈরির উদ্যোগ নেওয়া হবে।

তিনি বলেন, আগের বছরের তুলনায় চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা কম হলেও আত্মতুষ্টির সুযোগ নেই।

 

ডেঙ্গু নিয়ন্ত্রণে শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতালসহ সব ধরনের প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী। বিশেষ করে রাজধানী ঢাকায় মশার প্রজননস্থল তৈরি হতে না দেওয়ার জন্য কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

ডেঙ্গু মোকাবেলা শুধু সরকারের দায়িত্ব নয় উল্লেখ করে জনগণকে প্রতিরোধ কার্যক্রমে সক্রিয়ভাবে যুক্ত হওয়ার আহ্বান জানান ড. এ এম এ মুহিত। একই সঙ্গে সচেতনতা তৈরিতে গণমাধ্যমকে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের অনুরোধ করেন তিনি।

ডেইলি বাংলাদেশ দিগন্ত

banner
Link copied!