ঢাকার ধামরাইয়ে একটি অটো চার্জিং পয়েন্টে সশস্ত্র ডাকাতির ঘটনা ঘটেছে। নৈশপ্রহরীকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে চারটি অটোরিকশা ও ছয়টি ব্যাটারি নিয়ে গেছে দুর্বৃত্তরা। লুট হওয়া মালামালের আনুমানিক মূল্য ১০ থেকে ১২ লাখ টাকা বলে জানা গেছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ভোরে ধামরাই-কালামপুর আঞ্চলিক সড়কের গোয়ালদি এলাকার বিল্লাল অটো চার্জিং পয়েন্টে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ও পুলিশের ভাষ্য অনুযায়ী, রাত ৩টা থেকে সাড়ে ৩টার মধ্যে ১০ থেকে ১২ জনের একটি সশস্ত্র দল চার্জিং পয়েন্টের গেটের তালা কেটে ভেতরে ঢোকে।
পরে নৈশপ্রহরী মজিবুর রহমানকে পিস্তল ও ছুরি দেখিয়ে ভয় দেখানো হয়। একপর্যায়ে তার মুখে টেপ লাগিয়ে হাত-পা বেঁধে ফেলে ডাকাতরা।
এরপর চার্জে থাকা চারটি অটোরিকশা ও ছয়টি ব্যাটারি একটি পিকআপে তুলে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে তারা।
নৈশপ্রহরী মজিবুর রহমান জানান, অস্ত্রধারীরা তাকে চিৎকার করলে হত্যার হুমকি দেয়। তার সামনেই গাড়ি ও ব্যাটারি নিয়ে চলে যায় ডাকাত দল।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান বলেন, খবর পেয়ে সকালে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লুট হওয়া মালামাল উদ্ধারের পাশাপাশি জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

