সাম্প্রতিক মাসগুলোতে একাধিকবার ভূমিকম্পে কেঁপে উঠেছে বাংলাদেশ। সর্বশেষ শুক্রবার দুপুর ১টা ৫৪ মিনিটে অনুভূত কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫.৪। হঠাৎ কাঁপুনি টের পেয়ে বহু মানুষ বহুতল ভবন ছেড়ে রাস্তায় নেমে আসেন। মুহূর্তেই বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক।
তবে আধুনিক প্রযুক্তির সহায়তায় ভূমিকম্পের কয়েক সেকেন্ড আগে সতর্কবার্তা পাওয়া সম্ভব। বিশেষ করে স্মার্টফোন ব্যবহারকারীরা আগাম সতর্কতা পেলে ক্ষয়ক্ষতি কমানোর সুযোগ তৈরি হয়।
অ্যান্ড্রয়েডে বিল্ট-ইন সতর্কতা ব্যবস্থা
অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য রয়েছে Android Earthquake Alerts System নামের একটি বিল্ট-ইন ফিচার। আলাদা কোনো অ্যাপ ডাউনলোড ছাড়াই এটি ব্যবহার করা যায়। ভূমিকম্পের উৎপত্তিস্থল থেকে দূরত্ব অনুযায়ী কয়েক সেকেন্ড আগে সতর্কবার্তা পাঠাতে পারে এই ব্যবস্থা, যা নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য গুরুত্বপূর্ণ সময় এনে দিতে পারে।
চালু করবেন যেভাবে
১. ফোনের Settings-এ যান।
২. Location অপশনে প্রবেশ করুন।
৩. সেখানে Safety & Emergency বিভাগে যান।
৪. Earthquake Alerts অপশনটি অন করুন।
ফিচারটি সক্রিয় থাকলে সম্ভাব্য কম্পনের আগাম নোটিফিকেশন পাওয়া যাবে। উল্লেখ্য, এটি কেবল অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য প্রযোজ্য।

