ঢাকা মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩
Daily Bangladesh Diganta

লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৬৫ বাংলাদেশি, উদ্ধার কার্যক্রম অব্যাহত

দিগন্ত নিউজ ডেক্সঃ

প্রকাশিত: মার্চ ৬, ২০২৬, ০৬:৫২ পিএম

লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৬৫ বাংলাদেশি, উদ্ধার কার্যক্রম অব্যাহত

লিবিয়ায় বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক ও বিপদগ্রস্ত অবস্থায় থাকা ১৬৫ জন বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে আনা হয়েছে। সংশ্লিষ্ট সরকারি সংস্থা ও আন্তর্জাতিক সংস্থার যৌথ উদ্যোগে তাদের নিরাপদে বাংলাদেশে প্রত্যাবাসন করা হয়।

শুক্রবার (৬ মার্চ) ভোর সাড়ে পাঁচটার দিকে বুরাক এয়ারের একটি ফ্লাইটে তারা ঢাকায় পৌঁছান। বিষয়টি নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

প্রত্যাবাসিতদের মধ্যে বেনগাজি শহরের গানফুদা ডিটেনশন সেন্টারে আটক ১৪৩ জন এবং বেনগাজি ও আশপাশের এলাকায় বসবাসরত অসুস্থ, দরিদ্র ও অসহায় অবস্থায় থাকা আরও ২২ জন বাংলাদেশি রয়েছেন।

জানা গেছে, এদের অধিকাংশই মানবপাচারকারীদের প্রলোভনে পড়ে সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে লিবিয়ায় প্রবেশ করেছিলেন। সেখানে গিয়ে অনেকেই অপহরণ, নির্যাতনসহ নানা ধরনের দুর্ভোগের শিকার হন।

বাংলাদেশে পৌঁছানোর পর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ তাদের স্বাগত জানান সরকারি কর্মকর্তারা। এ সময় আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) প্রত্যাবাসিতদের সহায়তার জন্য খাদ্য, যাতায়াত খরচ, প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজন অনুযায়ী অস্থায়ী আশ্রয়ের ব্যবস্থা করে।

সরকার জানিয়েছে, লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশিদের নিরাপদে দেশে ফিরিয়ে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস সমন্বিতভাবে কাজ চালিয়ে যাচ্ছে। পাশাপাশি অবৈধভাবে বিদেশে যাওয়ার ঝুঁকি সম্পর্কে সচেতন হওয়ার জন্য সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

ডেইলি বাংলাদেশ দিগন্ত

banner
Link copied!