ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর, ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
Daily Bangladesh Diganta

এসএসসি-সমমানে পাসের হার ৬২.২৫%, জিপিএ-৫ পেল ১ লাখ ১৬ হাজার

দিগন্ত নিউজ ডেক্সঃ

প্রকাশিত: আগস্ট ১০, ২০২৬, ০১:৩০ পিএম

এসএসসি-সমমানে পাসের হার ৬২.২৫%, জিপিএ-৫ পেল ১ লাখ ১৬ হাজার

২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। দেশের ১১টি শিক্ষা বোর্ডে এবার গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। এ বছর ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এ সময় বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা ফলাফলের অনুলিপি শিক্ষামন্ত্রীর কাছে হস্তান্তর করেন।

 

প্রকাশিত ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, ২০২৫ সালের তুলনায় এবার এসএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার এবং জিপিএ-৫—দুই সূচকেই কমেছে।

গত বছর গড় পাসের হার ছিল ৬৮ দশমিক ৪৫ শতাংশ। এবার তা কমে হয়েছে ৬২ দশমিক ২৫ শতাংশ। অর্থাৎ এক বছরের ব্যবধানে পাসের হার কমেছে ৬ দশমিক ২০ শতাংশ পয়েন্ট

একইভাবে ২০২৫ সালে জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ৩৯ হাজার ৩২ জন। এবার এ সংখ্যা কমে দাঁড়িয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জনে। ফলে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা কমেছে ২২ হাজার ৩৫৬ জন

 

এবার দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন পরীক্ষার্থী এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেয়।

এর মধ্যে ছাত্র ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন এবং ছাত্রী ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন। সারাদেশের ৩০ হাজার ৬৬৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেয়।

সাধারণ ৯টি শিক্ষা বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১৪ লাখ ১৮ হাজার ৩১৮ জন। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় অংশ নেয় ৩ লাখ ৩ হাজার ২৮৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী ছিল ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন

 

সাধারণ ৯টি শিক্ষা বোর্ডের সম্মিলিত পাসের হার ৬৪ দশমিক ০৫ শতাংশ। এসব বোর্ডে এবার জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৬ হাজার ৯ জন শিক্ষার্থী।

শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, নিরপেক্ষ মূল্যায়ন ও স্বচ্ছতা বজায় রেখে ফলাফল প্রস্তুত করা হয়েছে।

ফল প্রকাশের পর শিক্ষার্থীরা মোবাইল ফোনে এসএমএস, সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের নির্ধারিত অনলাইন ব্যবস্থা এবং নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ফলাফল জানতে পারছে।

ডেইলি বাংলাদেশ দিগন্ত

banner
Link copied!