ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
Daily Bangladesh Diganta

এসএসসি পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, পাস ৪৫৮৫ শিক্ষার্থী

দিগন্ত নিউজ ডেক্সঃ

প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২৬, ০১:৫৪ পিএম

এসএসসি পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, পাস ৪৫৮৫ শিক্ষার্থী

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করা হয়েছে। পুনঃনিরীক্ষণের পর ফেল থেকে পাস করেছেন ৪ হাজার ৫৮৫ জন শিক্ষার্থী। একই সঙ্গে নতুন করে জিপিএ-৫ পেয়েছেন আরও ৩ হাজার ৭৯ জন।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টায় দেশের ১১টি শিক্ষা বোর্ডে একযোগে এ ফল প্রকাশ করা হয়। পুনঃনিরীক্ষণের ফল আবেদনকারীদের মুঠোফোনে এসএমএসের মাধ্যমে জানানো হয়েছে। সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকেও ফল দেখা যাচ্ছে।

 

এবার এসএসসি ও সমমানের ফল পুনঃনিরীক্ষণে বড় ধরনের সাড়া পাওয়া যায়। ১১টি শিক্ষা বোর্ডে মোট ৪ লাখ ২ হাজার ৫১ জন পরীক্ষার্থী আবেদন করেন।

একজন পরীক্ষার্থী একাধিক বিষয়ের উত্তরপত্র যাচাইয়ের আবেদন করতে পারায় মোট আবেদনকারীর চেয়ে উত্তরপত্রের সংখ্যা অনেক বেশি। লিখিত পরীক্ষার ১০ লাখ ৫৬ হাজার ৪৫৫টি এবং ব্যবহারিক পরীক্ষার ২ লাখ ৩১ হাজার ৪৭১টি উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদন করা হয়। সব মিলিয়ে আবেদন জমা পড়ে ১২ লাখ ৮৭ হাজার ৯২৬টি।

 

এবার উত্তরপত্র যাচাইয়ের পদ্ধতিতে পরিবর্তন আনা হয়। আগের নিয়মে মূলত নম্বর যোগ বা হিসাবের কোনো ভুল হয়েছে কি না, তা পরীক্ষা করা হতো। এবার আবেদন করা উত্তরপত্র পুনঃনিরীক্ষণের পাশাপাশি পুনর্মূল্যায়নের আওতায়ও আনা হয়।

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান আগে জানিয়েছিলেন, এবার আবেদন করা উত্তরপত্র নতুন করে মূল্যায়ন করা হয়েছে।

 

বোর্ডভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি আবেদন পড়ে ঢাকা শিক্ষা বোর্ডে। এ বোর্ডে ৯৪ হাজার ২৩৬ জন পরীক্ষার্থী লিখিত ও ব্যবহারিক মিলিয়ে ৩ লাখ ৩৫ হাজার ৬৭৭টি উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদন করেন।

এ ছাড়া কুমিল্লা, রাজশাহী, চট্টগ্রাম, যশোর, বরিশাল, সিলেট, দিনাজপুর ও ময়মনসিংহ শিক্ষা বোর্ডেও বিপুলসংখ্যক আবেদন জমা পড়ে। মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডেও উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী ফল পুনঃনিরীক্ষণের আবেদন করেন।

 

গত ১০ আগস্ট এসএসসি ও সমমান পরীক্ষার মূল ফল প্রকাশ হয়েছিল। এর পর অসন্তুষ্ট পরীক্ষার্থীদের আবেদনের সময় শেষ হয় ১৭ আগস্ট রাতে। মূল ফল প্রকাশের ৩১ দিন পর পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করা হলো।

চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ছিল ৬২ দশমিক ২৫ শতাংশ, যা গত ১৯ বছরের মধ্যে সর্বনিম্ন। পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের পর এখন অনেক শিক্ষার্থীর ফলাফলে পরিবর্তন এসেছে।

ডেইলি বাংলাদেশ দিগন্ত

banner
Link copied!