ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর, ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
Daily Bangladesh Diganta

প্রাথমিকের ১৪ হাজার ৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর

দিগন্ত নিউজ ডেক্সঃ

প্রকাশিত: আগস্ট ২, ২০২৬, ১২:০৯ পিএম

প্রাথমিকের ১৪ হাজার ৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ‘সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫’-এ চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের যোগদানের নতুন তারিখ ঘোষণা করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী, নির্বাচিত প্রার্থীরা আগামী ১ অক্টোবর নিজ নিজ জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগদান করবেন।

রোববার (২ আগস্ট) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যালয়-২ শাখা থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

উপসচিব রাজীব কুমার সরকারের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনুমোদিত শূন্যপদের বিপরীতে নির্বাচিত প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে নিয়োগপত্র পাঠানো হবে। যোগদান শেষে তাদের জেলাভিত্তিক পদায়ন সম্পন্ন করা হবে এবং পরবর্তীতে বাধ্যতামূলক পেশাগত প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এ নিয়োগ প্রক্রিয়ায় ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থী চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন। তারা যোগদানের পর দেশের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দায়িত্ব পালন শুরু করবেন।

এর আগে ১ আগস্ট অনুষ্ঠিত এক ভার্চ্যুয়াল সভায় সম্ভাব্য যোগদানের তারিখ হিসেবে ২৯ অক্টোবরের বিষয়টি আলোচনায় এলেও, পরবর্তী সিদ্ধান্তে তা পরিবর্তন করে ১ অক্টোবর নির্ধারণ করা হয়েছে। মন্ত্রণালয়ের মতে, পুলিশ ভেরিফিকেশনসহ প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম দ্রুত সম্পন্ন করেই যোগদান নিশ্চিত করা হবে।

উল্লেখ্য, চলতি বছরের ৯ জানুয়ারি পার্বত্য তিন জেলা বাদে দেশের ৬১ জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত (এমসিকিউ) পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ৬৯ হাজার ২৬৫ জন প্রার্থী মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হন। পরে ৮ ফেব্রুয়ারি প্রকাশিত চূড়ান্ত ফলাফলে ১৪ হাজার ৩৮৪ জনকে সহকারী শিক্ষক পদে সুপারিশ করা হয়।

চূড়ান্ত ফল প্রকাশের পরও দীর্ঘদিন যোগদানের তারিখ নির্ধারণ না হওয়ায় নির্বাচিত প্রার্থীরা গত এপ্রিলে আন্দোলন কর্মসূচি পালন করেন। পরে সরকার দ্রুত নিয়োগ ও প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন করার আশ্বাস দেয়।

ডেইলি বাংলাদেশ দিগন্ত

banner
Link copied!