ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর, ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
Daily Bangladesh Diganta

মদ্যপ অবস্থায় গাড়ি চালানোয় জরিমানা, ওয়ার্নারের গাড়িতে ‘লক’

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: আগস্ট ১৮, ২০২৬, ১২:৩২ পিএম

মদ্যপ অবস্থায় গাড়ি চালানোয় জরিমানা, ওয়ার্নারের গাড়িতে ‘লক’

মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অপরাধে দোষী সাব্যস্ত হয়ে বড় ধরনের শাস্তি পেয়েছেন সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার ডেভিড ওয়ার্নার। আদালত তাকে ১ হাজার ৫০০ অস্ট্রেলিয়ান ডলার জরিমানা করার পাশাপাশি গাড়িতে বাধ্যতামূলকভাবে অ্যালকোহল ইন্টারলক ডিভাইস ব্যবহারের নির্দেশ দিয়েছেন।

মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) সিডনির ওয়েভারলি লোকাল আদালত ৩৯ বছর বয়সী সাবেক এই ওপেনারের বিরুদ্ধে সাজা ঘোষণা করেন।

 

ঘটনাটি ঘটে গত ৫ এপ্রিল। সিডনির পূর্বাঞ্চলে একটি সড়ক তল্লাশি চৌকিতে ওয়ার্নারের গাড়ি থামিয়ে অ্যালকোহল পরীক্ষা করা হয়। পরীক্ষায় তার শরীরে অনুমোদিত মাত্রার চেয়ে বেশি অ্যালকোহলের উপস্থিতি ধরা পড়ে।

পরে মারৌব্রা পুলিশ স্টেশনে দ্বিতীয়বার পরীক্ষা করা হলে তার রক্তে অ্যালকোহলের মাত্রা ০.১০৪ পাওয়া যায়। স্থানীয় আইন অনুযায়ী অনুমোদিত সীমার তুলনায় এই মাত্রা দ্বিগুণেরও বেশি।

ওয়ার্নার গত মাসে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগ স্বীকার করেছিলেন। এরপর আদালতে তার সাজা নির্ধারণ করা হয়।

 

আদালতের নির্দেশ অনুযায়ী, ওয়ার্নারকে ‘ইন্টারলক লাইসেন্স’ নিতে হবে এবং তার গাড়িতে বিশেষ অ্যালকোহল ইন্টারলক ডিভাইস স্থাপন করতে হবে।

গাড়ি চালানোর আগে তাকে ওই যন্ত্রে শ্বাস দিয়ে অ্যালকোহল পরীক্ষা করতে হবে। পরীক্ষায় অ্যালকোহলের উপস্থিতি ধরা পড়লে গাড়ির ইঞ্জিন চালু হবে না। ফলে নির্ধারিত ব্যবস্থাটি ওয়ার্নারের ভবিষ্যৎ ড্রাইভিংয়ের ওপর সরাসরি নিয়ন্ত্রণ রাখবে।

 

ওয়ার্নারের আইনজীবী আওয়াইজ আহমেদ আদালতে তার মক্কেলের পক্ষে বিভিন্ন বিষয় তুলে ধরেন। তার দাবি, ঘটনাটি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপক প্রচার হওয়ায় ওয়ার্নার ইতোমধ্যে সামাজিক ও পেশাগতভাবে ক্ষতির মুখে পড়েছেন।

বিশ্বের বিভিন্ন সংবাদমাধ্যমে বিষয়টি প্রকাশিত হওয়ায় তার ভাবমূর্তি এবং বাণিজ্যিক চুক্তি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কার কথাও আদালতে তুলে ধরা হয়।

তবে এসব বিষয় বিবেচনায় নেওয়ার পরও আদালত অপরাধের জন্য জরিমানা ও অ্যালকোহল ইন্টারলক ব্যবহারের নির্দেশ দিয়েছেন।

 

অস্ট্রেলিয়ার হয়ে দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেট খেলা ডেভিড ওয়ার্নার দেশটির অন্যতম আলোচিত ব্যাটার। আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি বিভিন্ন দেশের টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগেও নিয়মিত খেলেছেন তিনি।

আইপিএল ও বিপিএলের মতো প্রতিযোগিতায় অংশ নেওয়া এই ক্রিকেটারের মাঠের সাফল্যের বাইরে এবার ব্যক্তিগত জীবনের একটি ঘটনায় আদালতের কঠোর সিদ্ধান্তের মুখে পড়তে হলো।

ডেইলি বাংলাদেশ দিগন্ত

banner
Link copied!