মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে অংশ নিতে অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৭ জুন) দুপুরে শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি উপকারভোগী পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।
সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী সকালে ঢাকা থেকে বিমানযোগে সিলেটে পৌঁছান। পরে সড়কপথে শ্রীমঙ্গলে এসে নির্ধারিত কর্মসূচিতে অংশ নেন। মঞ্চে পৌঁছানোর পর জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
প্রশাসন সূত্রে জানা গেছে, এ পর্বে শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ১৫৫টি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেওয়া হচ্ছে। সরকারের সামাজিক সুরক্ষা কার্যক্রমের আওতায় নির্বাচিত পরিবারগুলো এই সুবিধা পাবে।
শ্রীমঙ্গলের অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আরেকটি ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে। সেখানে রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ১৫২টি পরিবারের মধ্যে কার্ড বিতরণ করা হবে।
দিনের পরবর্তী কর্মসূচিতে শ্রীমঙ্গলের একটি রিসোর্টে দলীয় নেতাদের সঙ্গে বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। কর্মসূচি শেষে সন্ধ্যায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানযোগে ঢাকায় ফেরার সূচি রয়েছে।
প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে সিলেট থেকে শ্রীমঙ্গল পর্যন্ত বিভিন্ন স্থানে নিরাপত্তা জোরদার করা হয়। পাশাপাশি সড়কের দুই পাশে অবস্থান নিয়ে স্থানীয় বাসিন্দা, চা-শ্রমিক এবং দলীয় নেতাকর্মীরা তাকে স্বাগত জানান। গাড়িবহর অতিক্রম করার সময় প্রধানমন্ত্রীও হাত নেড়ে উপস্থিত মানুষের শুভেচ্ছার জবাব দেন।
সফরকে ঘিরে সিলেট ও মৌলভীবাজারে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। প্রশাসনের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্ব পালন করছে।

